• ভয়াবহ দুর্ঘটনায় বিয়েবাড়ির গাড়ি, মুহূর্তে মৃত ১৩!
    আজকাল | ১৯ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের পালঘর জেলায় মুম্বই-আমদাবাদ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। জানা গিয়েছে, সোমবার বিকেলে একটি কন্টেনার ট্রাকের সঙ্গে বিয়েবাড়ির অতিথিদের নিয়ে যাওয়া একটি টেম্পো ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাহানুর বাপু গ্রাম থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ধনিভারি গ্রামের উদ্দেশে রওনা দিয়েছিল যাত্রীবোঝাই টেম্পো ট্রাভেলারটি। বিকেল প্রায় ৪টে নাগাদ কাসা এলাকার ধনিভারি গ্রামের কাছে দ্রুতগতির একটি কন্টেনার ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।

    সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, দু’টি গাড়িই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর বহু যাত্রী গাড়ির ভিতরে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ ও উদ্ধারকারী দল এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়।

    প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতি এবং গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী গাড়িটি নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি যাত্রী বহন করছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও সরকারি সূত্রে জানানো হয়েছে, গাড়িটিতে ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন, স্থানীয় সূত্রের দাবি, সেই সংখ্যা ১০০-রও বেশি হতে পারে।

    পালঘরের পুলিশ সুপার যতীশ দেশমুখ জানিয়েছেন, ‘যাত্রীবোঝাই টেম্পোটি ভুল দিক দিয়ে আসছিল। বিপরীত দিক থেকে আসা কন্টেনারটির সঙ্গে সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্রুত উদ্ধারকাজ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

    দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি।

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা। ঘটনার জেরে মুম্বই-আমদাবাদ জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)