• পড়েছিলেন মমতার রোষানলে, সেই অফিসারকেই বড় দায়িত্ব শুভেন্দুর; কে এই 'সুপার কপ' দময়ন্তী
    আজ তক | ১৯ মে ২০২৬
  • রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক মহিলা ও শিশু হেনস্থার শিকার। সেই সব ঘটনার নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত এই কমিটির মূল চালিকাশক্তি বা ‘মেম্বার সেক্রেটারি’ করা হল দময়ন্তী সেনকে। সোমবার সে কথা ঘোষণা করার সময়ে শুভেন্দুর মুখে শোনা যায়, 'উনি বাংলার অত্যন্ত জনপ্রিয় IPS।' একদা জনপ্রিয়তার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন, ফিরে দেখা মমতা জমানায় দময়ন্তী সেনের ভূমিকা। 

    সালটা ছিল ২০১২। তারিখটা ৬ ফেব্রুয়ারি। রাতের পার্ক স্ট্রিটে এক নাইটক্লাব থেকে লিফট নেওয়া এক চলন্ত গাড়িতে ধর্ষিতা হয়েছিলেন সুজেট জর্ডন। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল, 'এটি সাজানো ঘটনা।' শাসকের রক্তচক্ষু উপেক্ষা করেই সে সময়ে তদন্ত চালিয়ে গিয়েছিলেন ডাকাবুকো IPS দময়ন্তী সেন। ছিলেন তৎকালীন লালবাজারের জয়েন্ট সিপি ক্রাইম। মাত্র কয়েক দিনের মধ্যেই কিনারা করে ফেলেছিলেন পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ড। 

    যদিও ১৯৯৬ ব্যাচের দুঁদে এই IPS অফিসারের প্রশংসা জোটেনি। বরং ক্রমশই কোণঠাসা করতে শুরু করা হয় দময়ন্তীকে। তৎকালীন মুখ্যমন্ত্রী যে ঘটনাকে 'স্মল ম্যাটার, পেটি ম্যাটার' বলেছিলেন, সেই ঘটনার কিনারা করে ফেলার 'অপরাধে' অত্যন্ত কম সময়ের মধ্যে লালবাজারের ক্রাইম ব্রাঞ্চ থেকে সরিয়ে তাঁকে ব্যারাকপুরের পুলিশ ট্রেনিং কলেজে বদলি করে দেওয়া হয়। 

    পরবর্তীতে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার হিসেবে দময়ন্তী সেনকে ফেরানো হলেও গুরুত্বহীন করে দেওয়া হয়েছিল। আর সেভাবে কোনও বড় বা গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার তাঁর হাতে দেওয়া হয়নি দময়ন্তীকে। 

    ২০২২ সালে কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্যের চারটি বড় ধর্ষণ মামলার এবং বহুল চর্চিত রসিকা জৈন মৃত্যুরহস্যের তদন্তভার দময়ন্তীর উপর সঁপেছিল। ২০২৩ সালে তাঁকে কলকাতা পুলিশ থেকে পুরোপুরি সরিয়ে রাজ্য পুলিশের ADG পদে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে রাজ্য পুলিশের ADG IGP পদে কার্যত প্রচারের আড়ালেই রয়েছেন তিনি। 

    যোগ্য এই অফিসারকে দীর্ঘদিন বাদে আনা হল বড় দায়িত্বে। রাজ্যে পালাবদলের পর শুভেন্দু সরকারের হাত ধরে ফের লাইমলাইটে দময়ন্তী সেন।  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটি মাস্টারস্ট্রোক নিয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। মমতা জমানায় নারীদের ওপর হওয়া অত্যাচারের ফাইলগুলি এবার নতুন করে খুলতে চলেছে। আর তা খুলবে নির্ভীক ও আপসহীন দময়ন্তীর হাত ধরেই। 

     
  • Link to this news (আজ তক)