• অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা পুরসভার নোটিস 
    দৈনিক স্টেটসম্যান | ১৯ মে ২০২৬
  • তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে থাকা দুটি বাড়ি নিয়ে নড়েচড়ে বসল কলকাতা পুরসভা। সূত্রের খবর, কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে অবস্থিত ওই দুটি বাড়ির বিল্ডিং প্ল্যান জমা দেওয়ার নির্দেশ দিয়ে সাংসদকে নোটিস পাঠানো হয়েছে। কলকাতা পুরসভার ৪০১ ধারায় এই নোটিস জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।

    পুরসভা সূত্রে খবর, সংশ্লিষ্ট বাড়িগুলি নির্মাণের ক্ষেত্রে সমস্ত নিয়ম মেনে কাজ হয়েছে কি না, অতিরিক্ত কোনও নির্মাণ করা হয়ে থাকলে তার অনুমতি নেওয়া হয়েছিল কি না, সেই বিষয়গুলি খতিয়ে দেখতেই এই পদক্ষেপ করা হয়েছে। সেই কারণেই বাড়ি দু’টির অনুমোদিত বিল্ডিং প্ল্যান জমা দিতে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

    প্রশাসনিক সূত্রের দাবি, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নোটিস পাঠানো হয়েছে। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে রাজ্যের রাজনীতিতে সম্পত্তি এবং নির্মাণ সংক্রান্ত একাধিক অভিযোগ ঘিরে চাপানউতোর তীব্র হয়েছে।

    বিরোধীদের একাংশের দাবি, বেআইনি নির্মাণ এবং সম্পত্তি সংক্রান্ত অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল। সেই প্রেক্ষিতেই পুরসভার এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

    রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কলকাতা পুরসভার এই নোটিস ঘিরে আগামী দিনে রাজনৈতিক বিতর্ক আরও বাড়তে পারে। বিশেষ করে রাজ্যের শাসক ও বিরোধী শিবিরের মধ্যে দুর্নীতি, সম্পত্তি এবং প্রশাসনিক পদক্ষেপ নিয়ে যে সংঘাত তৈরি হয়েছে, তার মধ্যেই এই ঘটনা নতুন মাত্রা যোগ করল।

    পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, সংশ্লিষ্ট নথিপত্র জমা পড়ার পর তা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। নিয়মভঙ্গের কোনও প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)