কলকাতা হাই কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
ছাব্বিশের বিধানসভা ভোটের প্রচার চলাকালীন প্রায় প্রতি সভা থেকেই বিজেপির বিরুদ্ধে লাগাতার কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২৭ এপ্রিল এক জনসভায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেকের বক্তব্য ছিল, ‘‘আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে তাদের বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব।” এই মন্তব্যের বিরোধিতা করেই গত কয়েকদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার। তাঁর অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়। অভিযোগের সপক্ষে তৃণমূল নেতার বিভিন্ন সভার বক্তব্যের ক্লিপিংসও থানায় জমা দিয়েছেন রাজীব সরকার।
সূত্রের খবর, অভিষেকের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় মোট ৫ টি ধারায় মামলা দায়ের হয়েছে। তার মধ্যে দু, একটি জামিন অযোগ্য। এরপরেই আজ, সোমবার এহেন এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আবেদনে এফআইআর খারিজের আবেদনও জানানো হচ্ছে।