• ওপিডি চালুতে এক মিনিট দেরিও বরদাস্ত নয়, বদলি-পোস্টিংয়ে বন্ধ স্বজনপোষণ
    প্রতিদিন | ১৯ মে ২০২৬
  • ঘড়ির কাটা ধরে চালু করতে হবে হাসপাতালের ওপিডি। এক মিনিটও যেন দেরি না হয়। আজ, সোমবার স্বাস্থ‌্যভবনের হাইভোল্টেজ বৈঠকে এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন পশ্চিমবঙ্গের আটজন চিকিৎসক-বিধায়ক। বৈঠকে চিকিৎসকদের বদলি-পোস্টিংয়ে স্বজনপোষণের অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। এবার থেকে স্বজনপোষণের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতেই পোস্টিং হবে বলে জানিয়েছেন বিধায়ক ইন্দ্রনীল খাঁ।

    মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বিধায়ক ডা. ইন্দ্রনীল খাঁ, ডা. অরূপ কুমার দাস, ডা. সময় হীরা, ডা. শারদ্বত মুখোপাধ‌্যায়, ডা. বিজন মুখোপাধ‌্যায়, ডা. অজয় পোদ্দার, ডা. পীযুষ কান্তি দাস, ডা. হরেকৃষ্ণ বেরা এদিন হাজির হয়েছিলেন স্বাস্থ‌্যভবনে। গুরুত্বপূর্ণ সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ‌্য অধিকর্তা ডা. স্বপন সোরেন, স্বাস্থ‌্যসচিব নারায়ণ স্বরূপ নিগম সহ স্বাস্থ‌্য শিক্ষা অধিকর্তা এবং অন‌্যান‌্য আধিকারিকরা।

    বৈঠক শেষে ডা. শারদ্বত মুখোপাধ‌্যায় জানান, মূলত চারটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ২০২৪ সালে আর জি কর মেডিক‌্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। প্রতিটি হাসপাতালে ডাক্তারি ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার বিষয় নিয়ে এদিন আওয়াজ তোলেন চিকিৎসক-বিধায়করা। ঠিক হয়েছে প্রতিটি সরকারি হাসপাতাল কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকবে। বাড়ানো হবে সিসিটিভির সংখ‌্যা। সম্প্রতি পুরুলিয়ার পুঞ্চা ব্লক হাসপাতালে শিশু মৃত‌্যুর পর চিকিৎসক নিগ্রহের অভিযোগ উঠেছে। সেই ঘটনা তুলে ধরে চিকিৎসক-বিধায়করা জানান, হাসপাতালে চিকিৎসক নিগ্রহের সংখ‌্যা শূন্যে নামিয়ে আনতে হবে।

    বৈঠকে আলোচনা হয়েছে, ওয়েস্টবেঙ্গল মেডিক‌্যাল এডুকেশন সার্ভিস, ওয়েস্টবেঙ্গল হেলথ সার্ভিস, বেসরকারি মেডিক‌্যাল কলেজ এবং তার পরিকাঠামো নিয়েও। আড়াই ঘণ্টার এই বৈঠকে চিকিৎসকদের পোস্টিংয়ে ’স্বজনপোষণ’ প্রসঙ্গও উঠেছে। আগে তৃণমূল ঘনিষ্ঠ চিকিৎসকরা পছন্দের এলাকায় পোস্টিং পেতেন। পক্ষপাতমূলক নিয়োগের একাধিক অভিযোগ উঠে এসেছিল। বিধায়ক-চিকিৎসক ডা. ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, “নেপোটিজম সম্পূর্ণ বন্ধ করা হল। মুখ‌্যমন্ত্রীকে এই বৈঠকের রিপোর্ট দেওয়া হবে। নতুন সরকারের কড়া নির্দেশ, শুধুমাত্র মেধার ভিত্তিতেই স্বাস্থ‌্যদপ্তরে চাকরিতে কর্মস্থল বদল এবং পোস্টিং হবে। স্বাস্থ‌্যক্ষেত্রে কোনও ধরণের স্বজনপোষণ চলবে না। বন্ধ করতে হবে দুর্নীতি।”

    স্বাস্থ‌্য দপ্তরে সিন্ডিকেট বন্ধ নিয়েও এদিন দীর্ঘক্ষণ আলোচনা হয়। বিগত সরকারের আমলে চিকিৎসার সরঞ্জাম কেনার নামে টেন্ডার দুর্নীতি হয়েছিল আর জি কর মেডিক‌্যাল কলেজে। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ‘ঘনিষ্ঠ’দের টেন্ডার পাইয়ে দিয়েছিলেন। ডা. ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, এই সমস্ত বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে নতুন সরকার। হাসপাতাল মানুষের আরোগ‌্য মন্দির। কোনও সিন্ডিকেট সেখানে থাকবে না।

    বিগত সরকারের আমলে ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিলের দপ্তর থেকেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। বৈঠক শেষে চিকিৎসক বিধায়করা ইঙ্গিত দিয়েছেন, কাউকে ছাড় নয়। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি হবে। দুর্নীতি দমনের পাশাপাশি জঙ্গলমহলের একাধিক হাসপাতালকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাড়ছে বেডও। ঝাড়গ্রামের বিনপুরের বিধায়ক প্রণত টুডুর বক্তব‌্য, ‘‘৬০ বেডের বেলপাহাড়ি হাসপাতাল যাতে ১০০ বেডের করা হয় সেই প্রসঙ্গ বৈঠকে তুলেছি। ঝাড়গ্রাম মেডিক‌্যাল কলেজকে কীভাবে আরও আধুনিক করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে। ট্রমা কেয়ার ইউনিট নেই ঝাড়গ্রাম মেডিক‌্যাল কলেজে। পথ দুর্ঘটনার রোগী হাসপাতালে এলে কলকাতার পিজিতে পাঠাতে হয়। জঙ্গলমহলে গ্রামীণ হাসপাতালে এখনও এমআরআই-এর ব‌্যবস্থা নেই। সেখানে এমআরআই চালু করা যায় তা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।”
  • Link to this news (প্রতিদিন)