নাটক নাটকের মতো মঞ্চস্থ হবে, সরকারকে যা ইচ্ছে...: রূপা
এই সময় | ১৮ মে ২০২৬
কানায় কানায় পরিপূর্ণ নন্দন ১। রবিবারের দুপুরে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী রইল শহর কলকাতা। সেটাও আবার নিজের শহরে তিনবার মুক্তিপ্রাপ্ত জয়ব্রত দাসের সিনেমা ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর জন্য। যে নন্দনে দীর্ঘবছর ধরেই ছবি মুক্তি নিয়ে বেগ পেতে হয়েছে বহু পরিচালক, অভিনেতাকে। তালিকায় বাদ ছিলেন না রূপা গঙ্গোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষও। নন্দন থেকেও তাই দীর্ঘ বছর দূরেই ছিলেন তাঁরা।
এ দিন নন্দনে শুধুমাত্র জয়ব্রত দাসের ‘প্রত্যাবর্তন’-এর মুক্তির অনুষ্ঠানই ছিল না, একইসঙ্গে ‘ফাইন আর্টসের নান্দনিক প্রত্যাবর্তন’ও উদযাপিত হয়েছে। শহরের প্রেক্ষাগৃহ কমে যাওয়া থেকে শুরু করে ভালো ছবির সংখ্যা বাড়ানোর প্রচেষ্টা নিয়েও হয় দীর্ঘ আলোচনা। ভালো ছবি বাড়ানোর পাশাপাশি সিনেমা হল-এর সংখ্যাও বাড়াতে হবে বলে মনে করেন তাঁরা।
টলিউডের ‘ব্যান কালচার’ নিয়েও বেশ কিছুদিন ধরেই চলছে জোর চর্চা। নানা কারণে বহু অভিনেতা, টেকনিশিয়ানদের ‘ব্যান’ করে রাখা হয়েছে। রাজ্যের পালাবদলের পরে কি পরিবর্তন হবে সেই সংস্কৃতির? এ বিষয়ে ‘এই সময় লাইভ’-এ অভিনেত্রী তথা বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় বলেন, ‘অবশ্যই এই ‘ব্যান কালচার’ উঠে যাবে। কথায় কথায় আর ব্যান করে দেওয়া হবে না কাউকে।’
শুধু তাই নয়, কোনও অভিনেতার রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী তাঁকে কাজ দেওয়া বা কী ধরনের ছবি তৈরি হবে, কোথায় সেই ছবি দেখানো যাবে তা ঠিক করে দেওয়ার মতো কালচার আর থাকবে না। রূপার কথায়, ‘বাংলা সিনেমার ঐতিহ্য আবারও ফিরে আসবে। নাটক নাটকের মতো মঞ্চস্থ হবে। যে সরকারকে যা ইচ্ছে গালাগাল দেবে। সরকারি হল-এ সব ভালো সিনেমা চলবেই।’