• সুরকার-অভিনেতা পঙ্কজ মল্লিকের বালিগঞ্জের বাড়ি পেল নতুন 'তকমা'!
    News18 বাংলা | ১৮ মে ২০২৬
  • কলকাতা: কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে এক নতুন ও উল্লেখযোগ্য সংযোজন—“লেজেন্ড অ্যান্ড লেগাসি”, যা একাধারে একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র এবং ক্যাফে। এটি গড়ে উঠেছে প্রখ্যাত গায়ক, সুরকার ও অভিনেতা পঙ্কজ মল্লিকের বালিগঞ্জের হাজরা রোড সংলগ্ন বাসভবনের একটি অংশে।

    ১০ মে পঙ্কজ মল্লিকের জন্মদিনের ঠিক পরের দিন অর্থাৎ ১১ মে,২০২৬ এক জমকালো উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হল, যা শিল্প, সঙ্গীত ও ঐতিহ্যের এক মিলনোৎসব হিসেবে আত্মপ্রকাশ করল এই সাংস্কৃতিক কেন্দ্র এবং ক্যাফের কর্ণধার হলেন পঙ্কজ মল্লিকের দৌহিত্র রাজীব গুপ্ত ও দৌহিত্রবধু ঝিনুক গুপ্ত।

    প্রায় শতবর্ষ প্রাচীন এই আর্ট ডেকো শৈলীর ভবনটি কলকাতার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন। “লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি” নামটি পঙ্কজ মল্লিককে “লেজেন্ড” হিসেবে সম্মান জানায়, আর “লেগ্যাসি” নির্দেশ করে তাঁর পরিবারের সেই নিরলস প্রচেষ্টাকে, যার মাধ্যমে তাঁরা তাঁর অমূল্য অবদানকে সংরক্ষণ ও প্রচার করে চলেছেন। ক্যাফের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রানী সেন, বিশিষ্ট সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, ঝিনুক গুপ্ত, রাজীব গুপ্ত। অনুষ্ঠান পরিচালনা করেন দেবাশীষ বসু।

    এই কেন্দ্রের মূল আকর্ষণ একটি পূর্ণাঙ্গ ইন-হাউস ক্যাফে, যেখানে পরিবেশিত হবে সুস্বাদু, সাশ্রয়ী মূল্যের বহুজাতিক খাবার এবং বিভিন্ন ধরনের গরম ও ঠান্ডা পানীয়। মেনুতে বিশেষভাবে অন্তর্ভুক্ত থাকবে পঙ্কজ মল্লিকের প্রিয় খাবারের একটি আলাদা বিভাগ। শান্ত ও মনোরম পরিবেশে ঐতিহ্য ও আধুনিকতার এক সুন্দর মেলবন্ধন থাকবে, সঙ্গে থাকবে ফ্রি ওয়াই-ফাই এবং বিনোদনের আধুনিক ব্যবস্থা। অন্দর সজ্জায় রাখা হয়েছে শিল্পীর ব্যবহৃত অর্গান, তানপুরা, বিভিন্ন রেকর্ড কভার, আকাশবাণীর নানা অনুষ্ঠান -রেকর্ডিং-এর মুহূর্ত, বিভিন্ন চলচ্চিত্রের বুকলেট কভার, বিশিষ্ট ব্যাক্তিবর্গের সঙ্গে ছবি, তাঁর সম্পর্কে লেখা, ভারতীয় ডাক বিভাগের প্রকাশ করা ডাক টিকিট, বিভিন্ন পুরস্কারের ব্লোআপ, থাকছে গান শোনার ব্যবস্থাও।

    ২০০৫ সালে রাজীব গুপ্ত ও ঝিনুক গুপ্ত প্রতিষ্ঠিত পঙ্কজ মল্লিক মিউজিক অ্যান্ড আর্ট ফাউন্ডেশন-এর সহায়তায় এই কেন্দ্র নিয়মিত কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজনের পাশাপাশি বিশেষ পণ্যও উপস্থাপন করবে। শুধুমাত্র একটি ক্যাফে নয়, “লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি” নিজেকে একটি জীবন্ত সাংস্কৃতিক পরিসর হিসেবে প্রতিষ্ঠা করতে চায়—যেখানে ঐতিহ্য, আড্ডা এবং রসনাবিলাস একত্রিত হয়ে কলকাতার সাংস্কৃতিক জীবনকে আরও সমৃদ্ধ করবে।

  • Link to this news (News18 বাংলা)