'শেষ Shot টা দেওয়ার পর খুব কষ্ট হচ্ছিল!' অর্জুন চক্রবর্তীর লেখা চিঠি সকলের সঙ্গে ভাগ করলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়
News18 বাংলা | ১৮ মে ২০২৬
কলকাতা: অনেকটা সময় পর আবার বড় স্ক্রিনে দেখা যাবে অভিনেতা অর্জুন চক্রবর্তীকে৷ একসময়ের প্রতিভাবান অভিনেতা অর্জুন চক্রবর্তী বাংলায় খুব বেশি কাজ করেন নি৷ পুণে ফিল্ম ইনস্টিটিউটের ছাত্রের থেকে আরও বেশি প্রত্যাশা ছিল দর্শকদের৷ আবারও বাঙালি দর্শকদের বিশেষ উপহার দিতে প্রস্তুত অভিনেতা অর্জুন৷
তিনি ১৯৮৩ সালে হিন্দি ছবি ‘জারা সি জিন্দেগি’- এর মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি৷ ১৯৮৬ সালে প্রথম প্রধান ভূমিকায় অভিনয় করেন অঙ্কুশ ছবিতে৷ তাঁর সঙ্গে ছিলেন নানা পাটেকরের সঙ্গে দাপুটে অভিনেতা। একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছিলেন অর্জুন৷ এরপর বাংলা ছবি ‘করি দিয়ে কিনলাম’, ‘অন্তর্ধান‘-এর মতো ছবিতে অভিনয় করে ছাপ ফেলে দিয়েছিলেন তিনি৷ কিন্তু এরপর থেকে তাঁকে আর সেভাবে অভিনয় করতে দেখা যায় নি৷ অভিনয় করেছেন তবে সেরকম বড় কোনও চরিত্রে নয়৷ অনেকটা লম্বা সময়ের পর আবার তাঁকে দেখা যাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের ছবি ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এ৷ মহারাজা মণীন্দ্রচন্দ্র নন্দীর চরিত্রে দেখা যাবে তাঁকে। এক স্বেচ্ছাচারী জমিদার হিসেবে তাঁকে দেখা যাবে এই ছবিতে৷
এই ছবিতে অভিনয় করে অত্যন্ত ভাল অভিজ্ঞতা হয়েছে বর্ষীয়ান এই অভিনেতার৷ সেকথা তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি৷ পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে একটি চিঠি লিখেছেন তিনি৷ যা সকলের সঙ্গে ভাগ করে নিলেন পরিচালক শিবপ্রসাদ৷ অভিনেতা লিখেছেন, “ফুলপিসি ও এডওয়ার্ড” সিনেমা তে একসাথে কাজ করলাম অভিনেতা অর্জুন চক্রবর্তীর সাথে। উইন্ডোজের ২৫ বছর পূর্তিতে অর্জুনদার পাঠানো এই হোয়াটসঅ্যাপ মেসেজ অন্যতম সেরা পাওনা, ভাগ করে নিলাম আপনাদের সাথে।
“অনেক বছর বাদে একটি অভাবনীয় অনুভূতি ও অভিজ্ঞতার রেশ পেলাম। সেই তপন সিংহ, তারপর তুই! অবাক হস না কারণ তুই জানিস আমি বাড়িয়ে বলি না। প্রথমত আমি এত বছর অপেক্ষা করে ছিলাম এই মনে করে যে এমন কিছু করব যা নেশা ধরিয়ে দেয়, দ্বিতীয় I must have a comfort zone from where I could enhance my skills. তৃতীয় এমন একজন পরিচালক যে আমায় বুঝতে পারবে। এই সব আমি তোর কাছ থেকে পেলাম। অসম্ভব সুন্দর কয়েকটা দিন, স্বচ্ছ কলাকুশলীরা, আনন্দময় পরিবেশ। সত্যি খুব ভালো লাগলো। নন্দিতা, জিনিয়া (Z) এদের কাজ জানা দুর দৃষ্টি আমায় মুগ্ধ করেছে। শেষ Shot টা দেওয়ার পর খুব কষ্ট হচ্ছিল! ছেড়ে যেতে মন চাইছিলো না। কিন্তু শেষ থেকে শুরু ও হয় I am sanguine about this. ভালো থাকিস। নন্দিতা,তুই, জিনিয়া (Z) কে আমার আদর, ভালোবাসা ও শুভেচ্ছা।”
অনেকটা বিরতি নিয়ে ফিরে এসেছেন৷ নিজের ইচ্ছেতেই এই বিরতি নিয়েছিলেন অর্জুন। কারণ চান নি একঘেয়ে কাজ করতে। এই ছবি তাঁর জন্য নতুন অভিজ্ঞতা। কারণ তিনি বাংলার বাইরে বড় হয়েছেন৷ ফলে আদ্যপান্ত বাঙালিবাবু হিসেবে এই ছবিতে অভিনয় করা সত্যিই ছিল চ্যালেঞ্জ৷ যদিও বর্ষীয়ান পোড় খাওয়া অভিনেতা আগেও বহু বার এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন৷ এবং বারবার সফল হয়েছিলেন৷ ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ ছবিতে প্রচুর দক্ষ অভিনেতার সমাহার। এই ছবিটি মুক্তি পাবে ২৯শে মে৷