আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে এবার নোটিশ পাঠাল কলকাতা পুরসভা। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের দুটি বাড়ি নির্মাণ সংক্রান্ত পরিকল্পনা ও অনুমোদন সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেককে।
কলকাতা পুরসভা সূত্রে খবর, সংশ্লিষ্ট দুই বাড়ির বিল্ডিং প্ল্যান জমা দিতে বলা হয়েছে অভিষেক ব্যানার্জিকে। পাশাপাশি ওই বাড়িগুলির সমস্ত নির্মাণকাজ কলকাতা পুরসভার অনুমোদন নিয়ে হয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, নিজের বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে সম্প্রতি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।
এই অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৯২/১৯৬/৩৫১(২)/৩৫৩(১)(সি) ধারায় এবং জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর ধারা ১২৩(২) ও ১২৫-এ মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারা।