• নরেন্দ্রপুরে নির্যাতিতার পরিবারের পাশে অগ্নিমিত্রা
    আজকাল | ১৯ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: নরেন্দ্রপুর থানা এলাকায় নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে নির্যাতিতার পরিবারের সঙ্গে সোমবার দেখা করলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন বারুইপুর পুলিশ জেলার সুপারের দপ্তরে পুলিশের সঙ্গে বৈঠকও করেন তিনি।

    প্রসঙ্গত, দিন কয়েক আগে বারুইপুরের বাসিন্দা ওই নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে । তবে এখনও মূল অভিযুক্ত অধরা। মন্ত্রী পুলিশকে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।

    নারী নির্যাতনের ক্ষেত্রে নতুন সরকারের কড়া অবস্থান স্পষ্ট করে অগ্নিমিত্রা বলেন, 'এই থানা-ওই থানা করে ঘোরানো যাবে না। পুলিশ আগে জ়িরো এফআইআর করে তদন্ত শুরু করবে। তারপর নিয়ম মেনে তদন্ত এগোবে।'

    নির্যাতিতার প্রতি প্রশাসনকে সংবেদনশীল হওয়ার বার্তা দিয়ে মন্ত্রী জানান, 'নাবালিকা নির্যাতন রুখতে মায়েদের সতর্ক থাকতে হবে। এর জন্য মায়েদের প্রশিক্ষণের উদ্যোগ নেবে সরকার।'

    পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। অন্য দিকে, সোমবারের ক্যাবিনেট বৈঠকে ডিএ নিয়ে সিদ্ধান্ত না হওয়ায় সরকারি কর্মীদের হতাশা প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'প্রতি সোমবার কিছু না কিছু আশা করে বসে থাকলে মুশকিল। সব হবে ধীরে ধীরে।' একই সঙ্গে বিজেপি সরকার ২৫-৩০ বছর থাকবে বলেও দাবি করেন তিনি।
  • Link to this news (আজকাল)