অস্ত্র দেখিয়ে ৪২ লাখ টাকা ডাকাতি, গুজরাটি ব্যবসায়ীর দুই কর্মচারীকে অপহরণ! তদন্ত শুরু পুলিশের
প্রতিদিন | ১৯ মে ২০২৬
ব্যবসার লেনদেনের নামে গুজরাটের এক ব্যবসায়ীর দুই কর্মচারীর কাছ থেকে ডাকাতি! ৪২ লাখ টাকা ডাকাতির পর ওই দুই কর্মচারীকে একটি গাড়িতে তুলে অপহরণও করল সেই লুঠেরাদের গ্যাং। যদিও শেষপর্যন্ত হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে নিয়ে গিয়ে ওই দুই ব্যক্তিকে গাড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পুরো ঘটনাটি শোনার পর গুজরাটের ওই ব্যবসায়ী কলকাতায় আসেন। যেখানে ডাকাতি হয়েছিল বলে অভিযোগ, সেই জায়গাটি দক্ষিণ কলকাতার সার্ভে পার্ক এলাকায়। এই ব্যাপারে সার্ভে পার্ক থানায় ওই ব্যবসায়ী অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে ডাকাতি ও অপহরণের মামলা শুরু হয়েছে। সিসিটিভির ফুটেজের মাধ্যমে শুরু হয়েছে তদন্ত।
পুলিশ জানিয়েছে, এই মাসেরই প্রথম সপ্তাহে এই ঘটনাটি ঘটে। গুজরাটের গান্ধীনগরের ওই ব্যবসায়ীর সঙ্গে কলকাতার কয়েকজনের ব্যবসায়িক লেনদেনের ব্যাপারে যোগাযোগ হয়। কলকাতার কয়েকজন বাসিন্দা নিজেদের ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিল। কলকাতা থেকে গুজরাটে কিছু সামগ্রী পাঠানোর ব্যাপারে কথাবার্তা হয়। গুজরাটের ব্যবসায়ীকে বলা হয়, ৪২ টাকা নগদ দিলে সঙ্গে সঙ্গেই তাঁকে সামগ্রী পাঠিয়ে দেওয়া হবে। সেই চুক্তিমতো গান্ধীনগরের ওই ব্যবসায়ী তাঁর দুই কর্মচারীর হাতে ৪২ লাখ টাকা দিয়ে কলকাতায় পাঠান। তাঁদের দক্ষিণ কলকাতার নিউ সন্তোষপুর এলাকার একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তাঁদের টাকা দিতে বলে হয়। তাঁরা সামগ্রীগুলি দিতে বলেন।
অভিযোগ, তখনই দু’জনকে বাড়ির একটি ঘরে আটকে রাখা হয়। ৬ ডাকাত তাঁদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ৪২ লাখ টাকা-সহ ব্যাগটি ডাকাতি করে। তাঁরা ঘর থেকে বের হওয়ার জন্য দরজায় ধাক্কা দিতে থাকেন। তখনই ফের তাঁদের হাওড়া স্টেশনে ছেড়ে দেওয়ার নাম করে অস্ত্র দেখিয়ে বের করে আনা হয়। একটি বড় গাড়িতে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয় কোনা এক্সপ্রেসওয়েতে। সেখানে একটি নির্জন জায়গায় তাঁদের গাড়ি থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়।
গাড়ি নিয়ে পালিয়ে যায় ডাকাত তথা অপহরণকারীরা। তাঁরা কোনওমতে হাওড়া স্টেশনে পৌঁছে গুজরাটে ফিরে গিয়ে ব্যবসায়ীকে পুরো ঘটনাটি বলেন। সোমবার ব্যবসায়ী কলকাতায় এসে সার্ভে পার্ক থানায় অস্ত্র দেখিয়ে তাঁর কর্মচারীদের কাছ থেকে ডাকাতি ও তাঁদের অপহরণের অভিযোগ জানান। সার্ভে পার্কের ওই বাড়িটি পুলিশ শনাক্ত করছে। এছাড়াও ব্যবসায়ীর সঙ্গে ডাকাতদের যোগাযোগের নম্বর ও কলকাতা, হাওড়ার বেশ কিছু সিসিটিভির সূত্র ধরে গাড়িটিকে শনাক্ত করে ডাকাতদের সন্ধান পাওয়ার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।