এই সময়: রাজ্য সরকার মা ক্যান্টিনে আপাতত সপ্তাহে দু’দিন মাছ ভাত খাওয়ানোর ব্যবস্থা করছে। এত দিন ৫ টাকায় ডিম ভাত খাওয়ানোর সুযোগ ছিল। সোমবার রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এখবর জানান।
কলকাতা–সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে গরিব–নিম্নবিত্ত মানুষদের কাছে অত্যন্ত জনপ্রিয় ‘মা ক্যান্টিন’। ভোটে সরকার পরিবর্তনের পর গরীব মানুষের দুপুরের এই খাবার বন্ধ হয়ে যাবে বলেও আশঙ্কা তৈরি হয়েছিল। ভোটে প্রচার ছিল বিজেপ ক্ষমতায় এলে বাঙালির মাছ-মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। রাজ্যের মন্ত্রীর বক্তব্য, মাছে ভাতে বাঙালি-এই প্রবাদ মুছে দিতে চায় না বিজেপি। তাই প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত দু’দিন যাতে পাওয়া যায় তার ব্যবস্থা করা হচ্ছে।
প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে মা ক্যান্টিনের সংখ্যা ২৪৯। মূলত কলকাতা সহ জেলাগুলির সরকারি হাসপাতালের সামনে চিকিৎসায় আসা গরীব মানুষ নামমাত্র খরচে দুপুরের খাবারের সংস্থান করতে এই ক্যান্টিন চালু করা হয়। দুপুরবেলায় মাত্র ৫ টাকায় ভাত, ডাল ও ডিমের তরকারি দেওয়া হয়। পরিচালনার দায়িত্বে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। তবে এবার ভোটের সময় সাময়িকভাবে বন্ধ রয়েছে ক্যান্টিন।