• ফের ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা
    এই সময় | ১৯ মে ২০২৬
  • ঋষিকেশের যোগ নগরী রেল স্টেশনের কাছে লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের তিনটি কামরা। সোমবার রাত ৯টা নাগাদ দুর্ঘটনা। দুর্ঘটনার সময়ে ট্রেনের ভিতরে কোনও যাত্রী ছিলেন না। ফলে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ (GRP)। রেল কর্তৃপক্ষ এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে।

    রেল সূত্রে খবর, রক্ষণাবেক্ষণের সময়ে হঠাৎ করে ট্রেনের ব্রেকে সমস্যা দেখা দেয়। যার জেরেই ঘটে দুর্ঘটনা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন রেল কর্তৃপক্ষ। খতিয়ে দেখা হচ্ছে বাকি দিকগুলিও। প্রশ্ন উঠছে রেলের রক্ষণাবেক্ষণের কাজ নিয়েও।

    স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পরেও কোনও সিনিয়র রেল আধিকারিক ঘটনাস্থলে পৌঁছননি। খবর জানাজানি হতেই দুর্ঘটনাস্থলে ভিড় জমাতে থাকেন স্থানীয়রা। পরে সেখানে রেল পুলিশ (GRP) পৌঁছে রেললাইন থেকে সকলকে সরিয়ে দেয়।

    গত কয়েকদিনে দেশে একের পর এক রেল দুর্ঘটনা ঘটে চলেছে। সোমবার সাত সকালে ভাবুয়া-সাসারাম-পাটনা ইন্টারসিটি এক্সপ্রেসে আচমকা আগুন লেগে যায়। ঠিক এর আগের দিন, রবিবার মধ্যপ্রদেশের রতলামে তিরুবনন্তপুরম-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের দুটি এসি কোচে আগুন লাগে। তবে দু'টি ঘটনাতেই কোনও হতাহতের খবর মেলেনি। পরপর দু’দিন ট্রেনে আগুন লাগার ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতীয় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

  • Link to this news (এই সময়)