• অভিষেককে পুর-নোটিশ! চাঞ্চল্যকর দাবি দিলীপের
    আজকাল | ১৯ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: অভিষেক ব্যানার্জিকে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের দু'টি বাড়ি নির্মাণ সংক্রান্ত পরিকল্পনা ও অনুমোদন সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। যা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। এই আবহে চাঞ্চল্যকর দাবি করলেন মন্ত্রী দিলীপ ঘোষ।

    অভিষেকের নেতৃত্বদানের ক্ষমতা নিয়ে আগাগোড়াই সরব দিলীপ ঘোষ। এর মধ্যে বিধানসভা ভোটে হার হয়েছে জোড়-ফুল শিবিরের। এই পরাজয়ের জন্য দলের অভ্যন্তরে অনেকেই দায়ী করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। যা নিয়ে হুলস্থূল কাণ্ড। 

    এদিকে তৃণমূল আমলে হওয়া সব দুর্নীতি, বেআইনি কাজের তদন্ত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কুর্সিতে বসার ন'দিনের মাথায় কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের দু'টি বাড়ি নির্মাণ সংক্রান্ত পরিকল্পনা ও অনুমোদন সংক্রান্ত নথি জমা দেওয়ার জন্য অভিষেক ব্যানার্জিকে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। 

    এই পদক্ষেপের পরই মঙ্গলবার সকালে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, "এরকম ভাবে টাকা নিয়ে সব বাড়ি, সম্পত্তি তো হয়েছে। আইনি ভাবে সব কাজ হবে। এবার হিসাব বুধে নেওয়ার পালা। সবটাই সামনে আনা হচ্ছে, হবে।"

    সোমবার ন'ঘন্টার বেশি জেরার পর আর্থিক প্রতারণা এবং তোলাবাজি মামলায় গ্রাপ্তার করা হয়েছে বিস্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, "অনেক লোক ঘুরে বেড়াচ্ছে। এরাই মানুষের কষ্টের কারণ ছিল। হাজার হাজার সোনা পাপ্পু আছে এরকম। খুঁজে বার করে সরকার আইনি পদক্ষেপ করবে।" 

    যুবভারতীতে মেসি কাণ্ডে অব্যবস্থার জন্য রাজ‍্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কাউন্সিলর জুঁই বিশ্বাস, আইএএস আধিকারিক শান্তনু বসু, রাজ্য পুলিশের তৎকালীন ডিজি রাজীব কুমার-সহ কয়েক জনের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আয়োজক শতদ্রু দত্ত। এ প্রসঙ্গে দিলীপ বলেন, "মেসিকাণ্ডে এরকম অনেক কোটি টাকার দুর্নীতি হয়েছে। যারা ক্ষতি গ্রস্ত তাদের বলবো থানায় আসুন। অভিযোগ করুন।"

     
  • Link to this news (আজকাল)