• গঙ্গায় আমিষ খাদ্যের উচ্ছিষ্ট ফেললে হিন্দু ভাবাবেগে আঘাত করতে পারে: হাইকোর্ট
    বর্তমান | ১৯ মে ২০২৬
  • প্রয়াগরাজ: গঙ্গায় আমিষ খাবারের উচ্ছিষ্ট ফেলা হলে তা হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করতে পারে। সোমবার এক মামলায় এমনই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। চলতি বছর ইফতার পার্টি চলাকালীন আমিষ খাবার গঙ্গায় ফেলার জন্য গ্রেপ্তার হয়েছিলেন আটজন। সোমবার সেই মামলাতেই এই পর্যবেক্ষণ বিচারপতি রাজীব লোচন শুক্লের। পাশাপাশি, পাঁচজনের জামিনের নির্দেশ দিয়েছেন তিনি। এর আগেই অবশ্য আরও তিনজনের জামিন মঞ্জুর করেছিল কোর্ট। এদিন বিচারপতি বলেন, ‘নিজেদের কাজের জন্য দুঃখপ্রকাশ করেছেন অভিযুক্তরা। তাঁদের পরিবারও অনুতপ্ত। সেই কারণে সমস্ত দিক বিবেচনা করে তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে।’ অভিযুক্তরা আদালতে জানান, তাঁরা আর এমন কাজ করবেন না। এর আগে, গত ১ এপ্রিল বারাণসীর এক আদালত তাঁদের জামিনের আবেদন খারিজ করেছিল। আদালত জানিয়েছিল, তাঁদের কাজ সমাজে সম্প্রীতি নষ্ট করেছে।
  • Link to this news (বর্তমান)