• কালিয়াগঞ্জ: আচমকা ইস্তফা পুর চেয়ারম্যানের
    বর্তমান | ১৯ মে ২০২৬
  • সংবাদদাতা, কালিয়াগঞ্জ: জল্পনার অবসান। তৃণমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভায় অচলাবস্থার জেরে পদত্যাগ করলেন চেয়ারম্যান বিশ্বজিৎ কুণ্ডু। ইতিমধ্যে পদত্যাগপত্র পুরসভার ভাইস চেয়ারপার্সন জয়া বর্মন দেবশর্মার কাছে পাঠিয়ে দিয়েছেন বিশ্বজিত্। সোমবার পুরসভার অচলাবস্থা কাটাতে বোর্ড মিটিং ডেকেছিলেন চেয়ারম্যান। কিন্তু আচমকা সেই মিটিং স্থগিত করে পদত্যাগের কথা ঘোষণা করেন চেয়ারম্যান। বিশ্বজিত্ বলেন, রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার নেই। পুরবোর্ড চালাতে সমস্যা হতে পারে। তাই দায়িত্ব ছেড়ে দিলাম। আমার পদত্যাগপত্র ভাইস চেয়ারপার্সনকে পাঠিয়ে দিয়েছি। ভাইস চেয়ারপার্সন জয়া বলেন, চিঠি পেয়েছি। আজ বোর্ড মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু সেটা স্থগিত রাখা হয়েছে। সেই মিটিং ২৮ তারিখ হবে। সেখানেই চেয়ারম্যানের পদত্যাগের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিধানসভা ভোটের আগে তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশে রামনিবাস সাহাকে সরিয়ে কালিয়াগঞ্জ পুরসভায় চেয়ারম্যান করা হয় বিশ্বজিৎকে। তাঁর ডেপুটি করা হয় জয়া বর্মন দেবশর্মাকে। সূত্রের খবর, রাজ্যে পালাবদল হতেই পুরসভার কাজকর্ম চালাতে ‘চাপে’ পড়ে যান চেয়ারম্যান বিশ্বজিত্। কয়েকদিন ধরে পদত্যাগের জল্পনাও চলছিল। তাতেই সিলমোহর পড়ল সোমবার।  

    চেয়ারম্যান পদত্যাগ করলেও পুরসভার নানা অনিয়ম নিয়ে সরব হয়েছে বিজেপি। দলের কাউন্সিলার গৌরাঙ্গ বলেন, পুরসভায় বহুদিন ধরে অনেক অনিয়ম হয়েছে। তার হিসেব হবে। এদিকে পুর চেয়ারম্যান পদত্যাগ করায় মুখে কুলুপ এঁটেছেন তৃণমূল কাউন্সিলাররা। 
  • Link to this news (বর্তমান)