সংবাদদাতা, খড়্গপুর: ভোটে বিপর্যয়ের কারণ খুঁজতে এবং ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার পশ্চিম মেদিনীপুরে এসেছিলেন তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। চার সদস্যের এই দলের নেতৃত্বে ছিলেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ দোলা সেন। এদিন প্রথমেই তাঁরা খড়্গপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণপুরে পৌঁছান।
ভোটের ফল বেরোনোর পর গত ৪ মে রাতেই এই শ্রীকৃষ্ণপুরে তৃণমূল নেত্রী তথা পুর চেয়ারপার্সন কল্যাণী ঘোষের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ। ওই কার্যালয়েই এদিন দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। বৈঠকে ছিলেন তৃণমূলের পরাজিত প্রার্থী প্রদীপ সরকার, কল্যাণী ঘোষ, দেবাশিস চৌধুরী সহ খড়্গপুর পুরসভার একাধিক কাউন্সিলার। বৈঠক শেষে সাংসদ দোলা সেন জানান, মূলত দু’টি তথ্য সংগ্রহ করেছি। প্রথম হচ্ছে ভোট চুরি। আর দ্বিতীয় হল ভোট পরবর্তী হিংসা। ভোটে চুরি করেই খড়গপুর সদর আসনে বিজেপি জিতেছে বলে মন্তব্য করেন দোলা সেন। তিনি বলেন, প্রতিটি ওয়ার্ড ধরে ধরে এসআইআরে বাদ যাওয়া ভোটার এবং বিজেপির লিড খতিয়ে দেখা হয়েছে। যা সম্পূর্ণভাবে সামঞ্জস্যহীন। সেইসঙ্গেই সেভেনটিন-সি’র সঙ্গে ইভিএমের কোনো মিল পাওয়া যায়নি। এই বিষয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হলেও, তাঁরা পাত্তা দেননি। বরং আমাদের কাউন্টিং এজেন্টদেরই ধমকানো হয়।
দোলা সেন আরও বলেন, ভোট হয়ে যাওয়ার পর ইভিএমে ৬০-৭০ শতাংশ চার্জ থাকার কথা। তার পরিবর্তে ৯০ থেকে ৯৮ শতাংশ চার্জ ছিল। স্ট্রংরুমে ইভিএমের মধ্যে কীভাবে ভূত ঢুকল জানি না!
উল্লেখ্য, খড়্গপুর সদর বিধানসভায় এসআইআরে প্রায় ৬০ হাজার নাম বাদ পড়ে। তা সত্ত্বেও ৩০ হাজার ৫০৬ ভোটে দিলীপ ঘোষের কাছে পরাজিত হন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। ফ্যাক্ট ফাইন্ডিং টিম তা নিয়ে খুঁটিয়ে আলোচনা করে এদিন। দোলা সেন ছাড়াও এই টিমে ছিলেন পূর্ব বর্ধমানের সাংসদ শর্মিলা সরকার, সংগীত শিল্পী সৈকত মিত্র, তথ্যচিত্র নির্মাতা সুশান্ত রায় প্রমুখ।
ভোট পরবর্তী হিংসা নিয়ে দোলা দেবী বলেন, ভোট পরবর্তী হিংসার যে তথ্য পেলাম, তা ভয়ঙ্কর। আমাদের পার্টি অফিস ভাঙচুর, দখল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোড়ানো কী করেনি! বিজেপি মুখে বলছে ভয় আউট, ভরসা ইন। আমরা চারপাশে যা দেখছি, তাতে ভয় ইন, ভরসা আউট! খড়্গপুরে তৃণমূলের মোট ১৫টি পার্টি অফিস দখল হয়েছে। এই পুরো বিষয়ে পুলিশ-প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় বলে অভিযোগ করেন সাংসদ। খড়্গপুর শহরের পার্টি কার্যালয় থেকে এদিন দুপুর নাগাদ নারায়ণগড় ও কেশিয়াড়ির উদ্দেশে রওনা হন দোলা সেনের নেতৃত্বাধীন এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।-নিজস্ব চিত্র