পুরুলিয়া: সাধারণ মানুষের হয়রানি নয়, জেলাশাসককে আবেদন বিধায়কের
বর্তমান | ১৯ মে ২০২৬
সংবাদদাতা, পুরুলিয়া: বাংলায় ডবল ইঞ্জিন সরকার হয়েছে। এবার ‘ট্রিপল ইঞ্জিন’ সরকার হবে। প্রতিটিস্তরেই বিজেপিকে সমর্থন করবে সাধারণ মানুষ। সোমবার একটি সরকারি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। সেই সঙ্গে সরকারি অফিসে সাধারণ মানুষের ভোগান্তি যে কোনোমতেই নতুন সরকার মেনে নেবে না, তাও আধিকারিকদের বুঝিয়ে দেন পুরুলিয়ার বিধায়ক।
সোমবার পুরুলিয়ার জেলাশাসকের অফিসে একটি সরকারি অনুষ্ঠানে আসেন পুরুলিয়ার বিধায়ক সুদীপবাবু। এদিন অনুষ্ঠানের পর সাংবাদিক বৈঠকে সুদীপবাবু বলেন, ডবল ইঞ্জিন সরকার গঠন হয়েছে। এবার ট্রিপল ইঞ্জিন সরকার হবে বাংলায়। ত্রিস্তর পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদেও দুর্নীতি মুক্ত সরকার গঠন করার টার্গেট রয়েছে। সর্বত্রই সাধারণ মানুষ বিজেপিকে সমর্থন করবে। পরবর্তী প্রজন্মের জন্য পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রেখে যাওয়ার কাজ করা হবে নতুন সরকারের মাধ্যমে।
এদিন সরকারি অনুষ্ঠান শেষ হতেই জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, ডিএফও, সিএমওএইচ সহ অনান্য আধিকারিকদের দিকে এগিয়ে যান বিধায়ক। জেলাশাসককে উদ্দেশ্য করে সুদীপবাবু বলেন, জেলাশাসক সহ প্রশাসনের সব আধিকারিকরা এখানে উপস্থিত রয়েছেন। আপনাদের কাছে একটা অনুরোধ রয়েছে। মুখ্যমন্ত্রী নিজে সরকারি অফিসগুলিতে সাধারণ মানুষের হয়রানি কমাতে বলেছেন। পুরুলিয়া জেলায় বহু অফিসে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়। কাজে গিয়ে বারবার ফিরে আসতে হয়। জেলাপ্রশাসনের কাছে একটাই অনুরোধ, সাধারণ মানুষকে আধিকারিকরা যাতে হয়রান না করেন। বিষয়টি যেন জেলার প্রতিটি অফিসে বলে দেওয়া হয়। যাঁর কাজ পাঁচদিন পরে হবে তাঁকে যেন সঠিকভাবে সেই দিনই আসতে বলা হয়। রোজ এসে ফিরে যাবেন, এমনটা যেন না হয়।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুদীপবাবু বলেন, ‘পুরুলিয়ায় সাধারণ মানুষের সঙ্গে বহু আধিকারিক খারাপ ব্যবহার করেন, এটা সকলেই জানেন। সরকার পরিবর্তন হয়েছে। সাধারণ মানুষকে যাতে আর হয়রান না করা হয়, তা আধিকারিকদের বলেছি। তবে কোনো নির্দেশ দেওয়ার অধিকার আমার নেই। নির্দেশ যা দেওয়ার মুখ্যমন্ত্রীই দেবেন। শুধুমাত্র আধিকারিকদের অনুরোধ করেছি। আশা করি, সাধারণ মানুষের ভোগান্তি কমানো সম্ভব হবে।’ জেলার আধিকারিকরাও এবিষয়ে সম্মতি দিয়েছেন বলে বিধায়ক জানিয়েছেন। প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের। নিজস্ব চিত্র