• চন্দ্রনাথ রথ খুনে সিবিআইয়ের হাতে ধৃত শার্প শ্যুটার
    বর্তমান | ১৯ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় সিবিআই এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ভিনরাজ্য থেকে। হরিদ্বার থেকে দিল্লি যাওয়ার পথে সোমবার ধরা পড়ে শার্প শ্যুটার রাজকুমার সিং। উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা রাজকুমার মধ্যমগ্রামে অপারেশনের সময় হাজির ছিল বলে জেনেছেন তদন্তকারীরা।

    চন্দ্রনাথ খুনের তদন্তে ভিনরাজ্যের একাধিক শার্প শ্যুটারের নাম উঠে আসে। সিবিআই হেপাজতে থাকা তিন শার্প শ্যুটারকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন, রাজকুমার সিং নামে এক যুবক তাদের দলে ছিল। সে মধ্যমগ্রামে এসে অপারেশন চালিয়েছে। দ্বিতীয় গা঩ড়িটিতে সে এসেছিল। তার বাড়ি উত্তরপ্রদেশের বালিয়ায়। ধৃত ভিকি মৌর্য জানায়, তার সঙ্গে  রাজকুমারের যোগাযোগ ছিল। গ্যাংস্টারের নির্দেশে রাজকুমারের সঙ্গে যোগাযোগ করেছিল। তাকে পাঁচলক্ষ টাকা দেওয়া হয়েছিল। ঘটনার পর সে দ্বিতীয় গাড়িতে করে পালায়। এরপর সিবিআইয়ের টিম বালিয়ায় পৌঁছয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। সেখান থেকে তার নতুন মোবাইল নম্বর হাতে আসে তদন্তকারীদের। দেখা যায়, ফোনটি বন্ধ। তদন্তকারীরা জানতে পারেন, সে হরিদ্বারের দিকে রওনা দিয়েছে। সেখানকার পুলিশকে বিষয়টি জানানো হয়। তারা জানায়, রাজকুমার হরিদ্বারে নেই। উত্তরাখণ্ড পুলিশ তার নতুন মোবাইল নম্বর জোগাড় করে। সেটির সূত্র ধরে সিবিআইয়ের তদন্তকারীরা জানতে পারেন, অভিযুক্ত হরিদ্বার থেকে দিল্লির দিকে যাচ্ছে। সেইমতো উত্তরাখণ্ড, দিল্লি পুলিশকে সতর্ক করে সিবিআই। বিভিন্ন টোল প্লাজায় তার গাড়ির নম্বর পাঠানো হয়। হরিদ্বার পেরিয়ে একটি টোল প্লাজায় গাড়িটি আসতেই আটক করা হয়। সিবিআই টিম সেখানে পৌঁছে গ্রেপ্তার করে রাজকুমারকে। তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছে, ঘটনার পর সে বালিয়ায় এলেও একদিন থেকে পালায়। তার সঙ্গে আর কারা কারা ছিল জেরা করে জানার চেষ্টা হচ্ছে।   
  • Link to this news (বর্তমান)