• প্রভিডেন্ট ফান্ডের টাকায় কাটমানি! গ্রেপ্তার ২ ঘাসফুল নেতা সহ তিন
    বর্তমান | ১৯ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কাটমানি নেওয়ার অভিযোগে দুই তৃণমূল কংগ্রেস নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করল শ্রীরামপুর পুলিশ। মৃত এক মিল শ্রমিকের প্রভিডেন্ট ফান্ডের টাকা পাইয়ে দেওয়ার জন্য তাঁর ছেলের কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ দায়ের হয়েছিল। ঘটনার পরপরই পদক্ষেপ করে পুলিশ। ধৃতদের হেপাজতে চেয়ে সোমবার আদালতে পেশ করা হয়েছিল। শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুই আইএনটিটিইউসি নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি  মিলের শ্রমিক সমবায়ের পরিচালন সমিতির নেতা শেখ রবিউল ও প্রবীর মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। সমবায়ের ক্যাশিয়ারও গ্রেপ্তার হয়েছে। আমরা বিস্তারিত তদন্ত করছি। মৃত শ্রমিক গোবিন্দ মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল অভিযোগ দায়ের করেছিলেন। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোবিন্দবাবু শ্রীরামপুরের সিমলার একটি সুতো কলে কাজ করতেন। ২০২৪ সালে তাঁর মৃত্যু হয়। ছেলে আকাশ মণ্ডল বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়ার চেষ্টা শুরু করেন। সেই সময় রবিউল শেখ ও প্রবীর মণ্ডল নামে দুই তৃণমূল নেতা তাঁর কাছে কাটমানি চায়। দ্রুত টাকা পাইয়ে দেওয়ার জন্য ওই কাটমানি তারা দাবি করেছিল। অভিযোগ, দু’দফায় প্রায় ২৫ হাজার টাকা আকাশবাবু তাদের দিয়েছিলেন। কিন্তু বাবার মৃত্যুকালীন সুবিধার অর্থ তিনি পাননি। এই পরিস্থিতিতে রবিবার তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। রাতারাতি ময়দানে নামে পুলিশ। তারপরেই তিনজনকে গ্রেপ্তার করা হয়।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)