• হাওড়ায় দোতলার অনুমতিতে ছ’তলা নির্মাণ! বুলডোজার দিয়ে ভাঙা হল বহুতল, চিহ্নিত ৬০০টি বাড়ি
    বর্তমান | ১৯ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাজ্যে বিজেপি সরকার গঠনের পর বেআইনি নির্মাণ রুখতে প্রশাসনের কড়া অবস্থানের জেরে এবার হাওড়াতেও নামল বুলডোজার। কলকাতার পর সোমবার হাওড়া শহরের দুই প্রান্তে বেআইনি বহুতল ভাঙতে সরাসরি অভিযান চালাল হাওড়া পুরসভা। পুর আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বছরের পর বছর ধরে গজিয়ে ওঠা অনুমোদনহীন বহুতলগুলিকে চিহ্নিত করে ভাঙার নির্দেশ আসে রাজ্য সরকারের তরফে। তারপরই নড়েচড়ে বসে পুর প্রশাসন। অভিযানে হাওড়া পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকদের সঙ্গে ছিল হাওড়া সিটি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

    পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত শনিবার পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে স্পষ্ট নির্দেশ পাঠানো হয়— শহরে যেসব নির্মাণ পুরসভার অনুমোদন ছাড়া হয়েছে বা অনুমোদিত নকশা লঙ্ঘন করা হয়েছে, সেগুলিকে চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। সেই নির্দেশের পরেই শহরজুড়ে সম্পূর্ণ বেআইনি বা একাংশ বেআইনি, এমন প্রায় ৬০০টি বাড়ির তালিকা তৈরি করা হয়েছে। প্রথম পর্যায়ে ১৫, ১৯, ২৬, ২৭, ৪৪ ও ৪৭ নম্বর ওয়ার্ডের ছ’টি বহুতলকে ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই তালিকা অনুযায়ী এদিন দুপুরে চ্যাটার্জিহাট থানার শরৎ চ্যাটার্জি রোডে একটি নির্মীয়মাণ ছ’তলা আবাসনের উপর বুলডোজার চালানো হয়। অভিযোগ, ওই ভবন নির্মাণের ক্ষেত্রে মাত্র তিনতলা পর্যন্ত প্ল্যান অনুমোদন করা হয়েছিল। কিন্তু প্রোমোটার বেআইনিভাবে আরও তিনটি তল নির্মাণ করেন। বেলা সাড়ে ১২টা নাগাদ বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান পুরসভার আধিকারিকরা। এরপর শ্রমিকদের সাহায্যে বেআইনি অংশ ভাঙার কাজ শুরু হয়। বুলডোজারের সাহায্যে সামনের বেশ কিছু অংশ ভাঙা হয়। বিল্ডিংয়ের একতলায় কয়েকটি মুদির দোকান থাকায় এদিন ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও অভিযানের সময় সংশ্লিষ্ট প্রোমোটারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    একইদিনে উত্তর হাওড়ার সালকিয়া স্কুল রোডে আরও একটি বেআইনি বহুতলের একাংশ ভাঙা হয়। পুরসভার দাবি, ২০১৩ সালের পর থেকেই হাওড়া শহরে জরিমানা নিয়ে বহুতলগুলির বেআইনি অংশকে বৈধ করার প্রবণতা বাড়তে থাকে। এই সুযোগকে কাজে লাগিয়ে শহরজুড়ে লাগামছাড়া বহুতল নির্মাণ করা হয়। পুরসভার এক পদস্থ কর্তার কথায়, ‘গত ১৩ বছরে হাওড়ায় প্রায় সাড়ে পাঁচ হাজার বেআইনি বহুতল তৈরি হয়েছে। ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে তৈরি হওয়া প্রায় ৬০০টি বাড়ির ৮০ শতাংশই বেআইনি। কোথাও দোতলা, কোথাও তিনতলার অনুমতি নিয়ে তৈরি হয়েছে ছ’ বা সাত তলা বিল্ডিং। সেইসব বাড়ির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে পুরসভা।’
  • Link to this news (বর্তমান)