পরিষেবা দিলেই মানুষ পাশে থাকবে, মেয়র পারিষদ বৈঠকে বার্তা মমতার
বর্তমান | ১৯ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরসভা স্বশাসিত সংস্থা। কাউন্সিলররা নির্বাচিত। তাঁদের মাধ্যমে একটি নির্বাচিত বোর্ড রয়েছে। এই বোর্ডের কাজে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না, স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে কলকাতা পুরসভার মেয়র পারিষদদের প্রতি মমতার নির্দেশ, আপনারা পুরসভায় প্রতিদিন যান। পুর-পরিষেবা অব্যাহত রাখুন। মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করুন।
বিধানসভা ভোটে বিজেপির কাছে শোচনীয় পরাজয় হয়েছে তৃণমূলের। বিপুল সংখ্যক বিধায়ক নিয়ে নির্বাচিত হওয়ার পর তৃণমূলের অন্দরেই আশঙ্কা তৈরি হয়েছে, আগামী দিনে পুরসভাগুলিও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে বিজেপি। এমনকি তৃণমূলেরই পুরসভার জনপ্রতিনিধিরা তাঁদের কাজকর্মে গতি অনেকটাই মন্থর করে দিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। এই অবস্থায় সোমবার কলকাতা পুরসভার মেয়র ও মেয়র পারিষদদের বৈঠকে ডাকেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে এই বৈঠক হয়। দলীয় সূত্রে খবর, বৈঠকে মমতা প্রশ্ন করেন, মেয়র পারিষদরা পুরসভায় যাচ্ছেন না কেন? এরপরই একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন তৃণমূল নেত্রী। জানা গিয়েছে, মমতা বৈঠকে নির্দেশ দিয়েছেন, মেয়র পারিষদদের প্রতিদিন কর্পোরেশনে যেতে হবে। পুরসভায় থাকতে হবে। পুরসভার পরিষেবা মানুষকে পৌঁছে দিতে হবে।
বিধানসভা নির্বাচনের ফলের পর তৃণমূলের মধ্যে অনেকেই হতাশায় ভুগছেন। আগামী দিনে কী করবেন, তা নিয়ে তাঁরা দিশাহীন। এই অবস্থায় বৈঠকে মমতা বলেছেন, পুরসভা নির্বাচিত বোর্ড। কলকাতা পুরসভার নিজস্ব আইন আছে। সেখানে অন্য কেউ হস্তক্ষেপ করে আধিপত্য কায়েম করতে পারে না। আপনারা ঘাবড়াচ্ছেন কেন? সবাই একসঙ্গে চলুন। জনসংযোগ বাড়ান। কর্মীদের পাশে থাকুন। আর পরের পুরসভা ভোট শেষ হওয়ার আগে হাতে অনেক সময় আছে। সেই সময় পুর-পরিষেবা অব্যাহত রাখুন। পুরসভা নির্বাচিত বোর্ড হঠাৎ করে কেউ ভেঙে দিতে পারে না।
কীভাবে তৃণমূলের পুর-পারিষদরা কাজ করবেন, তার একটি রূপরেখাও স্পষ্ট করে দিয়েছেন মমতা। বৈঠকে তিনি উল্লেখ করেছেন, স্বাধীনচেতা মনোভাব নিয়ে কাজ করতে হবে। মানুষকে পুর-পরিষেবা পৌঁছে দিতে হবে। মানুষের পাশে থাকলেও, মানুষও আমাদের পাশে থাকবেন। পুরসভার কাজ যেন থমকে না যায়। সম্প্রতি তিলজলা থানা এলাকার তপসিয়ায় বাড়ি ভাঙা নিয়ে যে ঘটনা ঘটেছে, সে প্রসঙ্গও এসেছে এদিনের বৈঠকে। ঘটনাটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্য সরকার আইন মোতাবেক কাজ করেনি। কারও সঙ্গে আলোচনা না করে বুলডোজার চালিয়েছে।
যেখানে কর্মীরা আক্রান্ত হয়েছে, সেখানে যাওয়া এবং কর্মীদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন মমতা। আইনগতভাবে এগনো হবে বলেও জানানো হয়েছে। এদিনের বৈঠকে মমতার সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তিন মেয়র পারিষদ দেবাশিস কুমার, জীবন সাহা ও স্বপন সমাদ্দার বৈঠকে যাননি বলে খবর।