নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘পার্ক সার্কাসে জমায়েত করে পুলিশের উপর আক্রমণ ও ইটবৃষ্টির ঘটনা পূর্বপরিকল্পিত। পুলিশ বাহিনীকে জখম করার উদ্দেশেই এই পরিকল্পনা। এটাই শেষ ঘটনা, আর হবে না’— সোমবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের (সাউথ ইস্ট ডিভিশন) অফিসের বাইরে বিক্ষোভকারীদের উদ্দেশে ‘লাস্ট ওয়ার্নিং’ দিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘কাশ্মীরে বিক্ষোভে এমন পাথর ছোড়ার প্রবণতা ছিল। তা বন্ধ হয়েছে। এখানেও হবে। এমন ভাঙচুর, তাণ্ডব কোনোভাবে রেয়াত করা হবে না।’
রাস্তায় বসে নামাজ পরা ও ধর্মীয় অনুষ্ঠানে প্রকাশ্যে পশুহত্যা নিয়ে রাজ্যজুড়ে নিষেধাজ্ঞা জারি করেছে বিজেপি সরকার। তারই প্রতিবাদে রবিবার পার্ক সার্কাস মোড়ে বিক্ষোভ প্রদর্শন করেন সংখ্যালঘুরা। দীর্ঘক্ষণ চলে রাস্তা অবরোধ। পুলিশ বিক্ষোভ হটাতে গেলে উর্দিধারীদের উপর আক্রমণ চালায় তারা। ইটের আঘাতে জখম হন অ্যাসিস্ট্যান্ট পুলিস কমিশনার চিত্রদীপ পান্ডে সহ কলকাতা পুলিশের চার অফিসার-কর্মী। ভাঙচুর চালানো হয়ে পুলিশের গাড়িতেও। সেই ঘটনায় সোমবার রাত পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, রেইড জারি রয়েছে। গ্রেপ্তারির সংখ্যা আরো বাড়বে। ঘটনা প্রসঙ্গে বিস্তারিত রিপোর্ট নিতে এদিন সাউথ ইস্ট ডিভিশনের ডিসি সৈকত ঘোষের অফিসে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী। সেখানে হাজির ছিলেন কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দা সহ উচ্চপদস্থ কর্তারা। প্রায় আধঘণ্টা পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘রবিবারের ঘটনায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর অনেক সদস্য আহত হয়েছেন। তাঁদের সঙ্গে দেখা করতে এসেছি। গোটা বাহিনী অত্যন্ত ভালো কাজ করেছে। তাঁদের সমর্থন জানাতেই এখানে আসা’। পুলিশকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জনস্বার্থে আপনারা কাজ করবেন। চিন্তামুক্ত, ভয়মুক্ত হোন। কোনো ধর্ম, দল, কে কোন প্রভাবশালীর কাছের, এসব দেখবেন না। মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে আছে, প্রশাসনও পাশে রয়েছে।’ একইসঙ্গে বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, ‘এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। পুলিশমন্ত্রী হিসেবে শেষবার বলছি, কোনও পুলিশকর্মীর গায়ে হাত পড়লে সরকার কঠোর ব্যবস্থা ব্যবস্থা নেবে। শুধুমাত্র গ্রেপ্তারি নয়, যাতে অভিযুক্তদের সাজা হয় সেই ব্যবস্থা করতে ক্লোজ মনিটরিং করা হবে। এরকম ঘটনা আবার ঘটলে, আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী আর কেউ হবে না’।
পুলিশ বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তা দিয়ে শুভেন্দু বলেন, ‘বিএনএস যা বলেছে এবং সিনিয়র অফিসাররা যে নির্দেশ দেবেন, সেই অনুযায়ী নিশ্চিন্তে কাজ করুন। কলকাতা পুলিশের গৌরব ফিরিয়ে আনতে প্রশাসন সবসময় তাদের পাশে রয়েছে। ঘটনার তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কড়া অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। তাঁর কথায়, ‘ইতিমধ্যেই ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কমিশনার পরিস্থিতির উপর নজর রাখছেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’