বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে অস্ত্র সহ গ্রেপ্তার, ধৃত আরও ৪
বর্তমান | ১৯ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী দিলীপ মণ্ডল এখনও অধরা। তাঁকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। এরই মাঝে ডায়মন্ডহারবার থানার লালবাটি থেকে রবিবার রাতে অস্ত্র সহ ধরা পড়েছেন তাঁর ছেলে অর্ঘ্য মণ্ডল। তাঁকে এবং তাঁর চার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। অর্ঘ্য ফ্রেজারগঞ্জে বসে ফোনে বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ। উদ্ধার হয়েছে দু’টি আগ্নেয়াস্ত্র। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে বিষ্ণুপুরের বিধায়কের বিরুদ্ধে। বিষ্ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তারপর থেকেই তিনি এলাকা থেকে বেপাত্তা। তল্লাশিতে নেমে তাঁর বিলাসবহুল বাড়ি দেখে তাজ্জব হয়ে যান তদন্তকারীরা। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। এর মাঝে বেপাত্তা হয়ে যান তাঁর ছেলেও। তদন্তকারীরা বুঝতে পারেন, বাবা-ছেলে পরিকল্পনা করেই পলাতক হয়েছেন। দু’জনে থাকছেন আলাদা আলাদা জায়গায়। এই অবস্থায় রবিবার ফ্রেজারগঞ্জ এলাকা থেকে অর্ঘ্য বিষ্ণপুর এলাকার এক ব্যক্তিকে ফোন করে শাসান। ‘ফিরে এসে সব হিসাব বুঝে নেব’ বলে হুমকি দেওয়া হয়। সেই ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ জানাতেই প্রাক্তন মন্ত্রীর ছেলের ফোন নম্বর হাতে আসে পুলিশের। তা খতিয়ে দেখে জানা যায়, অর্ঘ্য ফ্রেজারগঞ্জ এলাকায় রয়েছেন। কিন্তু টাওয়ার লোকেশেন বলে দেয় তিনি গাড়ি নিয়ে ডায়মন্ডহারবারের দিকে এগচ্ছেন। সেই মতো পুলিশও গাড়ি নিয়ে এগতে শুরু করে। লালবাটি এলাকায় অর্ঘ্যর গাড়ি আটক করে পুলিশ। গাড়িতে ছিলেন অর্ঘ্যর চার বন্ধুও। তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। এরপরই অর্ঘ্য ও তাঁর চার বন্ধুকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় আরও একটি আগ্নেয়াস্ত্র ও ছ’টি মোবাইল ফোন। এরপরই পাঁচজনকে গ্রেপ্তার করে ডায়মন্ডহারবার থানা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, তাঁরা বাইরের রাজ্যে পালানোর ছক কষেছিল। ফ্রেজারগঞ্জ এলাকায় থাকা নিরাপদ নয় বুঝেই অন্য রাজ্যে পালাতে গিয়ে তাঁরা ধরা পড়ে যায়। নিজস্ব চিত্র