সময়ের আগেই প্রথম ধাপের মেট্রোর কাজ শেষ চিংড়িঘাটায়
বর্তমান | ১৯ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিংড়িঘাটায় প্রথম পর্যায়ে মেট্রোর কাজ নির্ধারিত সময়ের অনেকটা আগেই শেষ হয়েছে। ফলে সোমবার সকাল ৮টার বদলে ভোর ৫টায় ইএম বাইপাস খুলে দেওয়া হয় বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে। কোনো বিপত্তি ছাড়াই চিংড়িঘাটায় নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটে অরেঞ্জ লাইনের ৩১৭ এবং ৩১৮ নম্বর পিলারের মধ্যবর্তী অংশ জোড়ার কাজ সুষ্ঠুভাবেই শেষ হয়েছে। এই যান নিয়ন্ত্রণের মাঝেই রবিবার বিকালে সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে ডার্বি ম্যাচ থাকলেও বাইপাসে যান চলাচল মসৃণ ছিল।
এরপর দ্বিতীয় পর্যায়ে চলতি মাসের ২২ তারিখ রাত ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত ৩১৮ এবং ৩১৯ নম্বর পিলারের মধ্যবর্তী অংশ জোড়ার কাজ হবে। এই কাজ শেষ হলে চিংড়িঘাটায় থমকে থাকা ৩৬৭ মিটার অংশের কাজ পুরোপুরি শেষ হবে। এর ফলে অরেঞ্জ লাইনে কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে সল্টলেক আইটি সেন্টার পর্যন্ত মেট্রো পরিষেবা দিতে আর কোনো বাধা থাকবে না।
তবে এই কাজের জন্য ফের চিংড়িঘাটায় যান নিয়ন্ত্রণ করতে হবে। কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, এবারও উল্টোডাঙামুখী যানবাহন ভেড়ির উপর দিয়ে তৈরি সার্ভিস রোড হয়ে চলাচল করবে। তেমনিই রুবিগামী যানবাহন চিংড়িঘাটা পর্যন্ত এসে দক্ষিণদিকে ৩০০ মিটার ঘুরে ফের বাইপাস ধরে আগের মতো চলাচল করবে।
পাশাপাশি, দ্বিতীয় ধাপে মেট্রোর কাজ চলার সময় চিংড়িঘাটা ফ্লাইওভার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আগের মতোই খোলা থাকবে। এই কাজ চলার সময় নিউটাউনগামী যানবাহন ফ্লাইওভার দিয়ে যাবে। কলকাতা ট্রাফিক পুলিশের আশা, প্রথম পর্যায়ের কাজের শুরুতে ১৫ মে বৃষ্টির জন্য বাইপাসে সামান্য যানজট হয়েছিল। এখন অনভ্যস্ত চালকরা সড়গড় হয়ে যাওয়ায় দ্বিতীয় পর্যায়ে আর সমস্যা হবে না। ফাইল চিত্র