• ডায়মন্ডহারবার পুর এলাকায় গেরুয়া ঝড়, সান্ত্বনা পুরস্কারের মতো মাত্র ৫টি বুথে লিড তৃণমূলের
    বর্তমান | ১৯ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গেরুয়া ঝড়ের মধ্যেও ডায়মন্ডহারবার বিধানসভা ধরে রাখতে পেরেছে তৃণমূল। কিন্তু ডায়মন্ডহারবার পুরসভা এলাকায় খড়কুটোর মতো উড়ে গিয়েছে ঘাসফুল শিবির। ১৬টি ওয়ার্ডের মধ্যে সবকটিতেই হেরেছে তৃণমূল। শহরে ৩৮টি বুথ রয়েছে। তার মধ্যে মাত্র পাঁচটি বুথে এগিয়ে রয়েছে অভিষেকের টিম। সান্ত্বনা পুরস্কার বলতে এটুকুই। ডায়মন্ডহারবার পুরসভা এলাকায় বিজেপি প্রার্থী লিড পেয়েছেন প্রায় ৬ হাজার। তবে এই প্রথম নয়, ২০১৯ ও ২০২১ সালের নির্বাচনেও এই শহরে হেরেছিল তৃণমূল। সেবার অন্তত কয়েকটি ওয়ার্ডে লিড ছিল তাদের। এবার বন্দর শহরে তৃণমূল কার্যত দুরমুশ হয়েছে।

    ২২০ নম্বর বুথ থেকে পুরসভা এলাকা শুরু। পুরসভার সীমানা শেষ হচ্ছে ২৫৭ নম্বর বুথে এসে। প্রতি ওয়ার্ডেই কমবেশি ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল। যে পাঁচটি বুথে তারা লিড পেয়েছে, সেগুলি হল ২২৯, ২৩০, ২৫২, ২৫৪ এবং ২৫৬ নম্বর বুথ। এর মধ্যে ২৫৪ নম্বর বুথে তৃণমূলের পান্নালাল হালদার পেয়েছেন ৮৯২টি ভোট। বিজেপির দীপক হালদারের ঝুলিতে গিয়েছে ২২টি ভোট। অনেকেই বলছেন, এই এলাকা সংখ্যালঘু অধ্যুষিত হওয়ায় একচেটিয়া ভোট পেয়েছে তৃণমূল। এছাড়াও ২৫৩ নম্বর বুথে তৃণমূল এবং বিজেপি ২০২টি করে ভোট পেয়েছে। তৃণমূল বাকি তিনটি  বুথে যেখানে লিড পেয়েছে, সেটাও খুব বেশি নয়। যেমন ২৫৬ নম্বর বুথে পান্নালালবাবুর পক্ষে পড়েছে ৩৯৫টি ভোট এবং দীপকবাবু পেয়েছেন ৩৮৬টি ভোট। সূত্রের খবর, পুর এলাকায় ২০১৯ সালে ২,৭৪১ ভোটে এবং ২০২১ সালে সাড়ে তিন হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। কিন্তু ২০২৪ সালে পুর এলাকা পুনরুদ্ধার করে ফেলেছিল তারা। কেন একটি ওয়ার্ডেও লিড পেল না তৃণমূল, তা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠেছে। পুর চেয়ারম্যান প্রণব দাস বলেন,  পুরো ফলাফল এখনও খতিয়ে দেখা হয়নি। সবটা না দেখে এই ব্যাপারে কিছু মন্তব্য করব না। এদিকে বিজেপির দাবি, পরিষেবা পাচ্ছিলেন না মানুষ। পুরসভা কাজ করছিল না। মানুষ তারই জবাব দিয়েছেন ভোট বাক্সে। বিধানসভা নির্বাচনে পুর এলাকায় যেভাবে উড়ে গিয়েছে তৃণমূল, ছ’-সাত মাস বাদে পুরসভা ভোটে তার প্রভাব যে পড়তে পারে, তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে তৃণমূল এই ধাক্কা কাটিয়ে বেরিয়ে আসতে পারে কি না, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।
  • Link to this news (বর্তমান)