২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ! অপেক্ষার বুলেট ট্রেনের প্রথম ঝলক দেখাল ভারতীয় রেল
প্রতিদিন | ১৯ মে ২০২৬
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে স্বপ্ন সত্যি হতে চলেছে। ভারতের মাটিতে ছুটতে চলা প্রথম বুলেট ট্রেনের প্রথম ঝলক বা ফার্স্ট লুক প্রকাশ্যে আনত রেল মন্ত্রক। দিল্লিতে রেল ভবনের ৪ নম্বর গেটের কাছে বুলেট ট্রেনের নকশা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। দেশের প্রথম হাই স্পিড বুলেট ট্রেনের গতিও হবে চমকে দেওয়ার মতো।
বুলেট ট্রেনের যে ডিজাইন রেলের তরফে প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ট্রেনের সামনে অংশটি হবে অত্যন্ত আধুনিক এবং বায়ুগতিশীল। যা দ্রুতগতির এই ট্রেনটির তীব্র গতি বজায় রাখতে সাহায্য করবে। ট্রেনের ভিতরে যাত্রীদের জন্য থাকবে বিমানের মতো অত্যাধুনিক আরামদায়ক ও বিশ্বমানের সুযোগ-সুবিধা। বুলেট ট্রেনে যাত্রী ধারন ক্ষমতা হবে ১০০০ জন।
রেলের তরফে জানা গিয়েছে, দেশের প্রথম বুলেট ট্রেন ছুটবে মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত। ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে থাকবে মোট ১২টি স্টেশন। অত্যাধুনিক এই ট্রেনের সর্বোচ্চ গতি হবে ৩২০ থেকে ৩৫০ কিমি প্রতি ঘণ্টা। অর্থাৎ মুম্বই থেকে আহমেদাবাদ পৌঁছতে ট্রেনটির সময় লাগবে মাত্র ২ ঘণ্টা। রেলের দাবি অনুযায়ী, জাপানের শিনকানসেন (Shinkansen) প্রযুক্তির মাধ্যমে ভারতের রেলপথে ছুটবে প্রথম বুলেট ট্রেন। ট্রেনের ডিজাইন থেকে শুরু করে সিগন্যালিং, সেফটি স্ট্যান্ডার্ড সমস্ত কিছুই নেওয়া হচ্ছে জাপান থেকে। যদিও গোটা প্রকল্প রূপায়িত হচ্ছে মদি সরকারের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে। দেশে দ্রুত বুলেট ট্রেন পরিষেবা চালু করতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাজ। বিভিন্ন জায়গায় টানেল বা সুড়ঙ্গ খোঁড়া থেকে শুরু করে পিলার নির্মাণ চলছে জোর কদমে।
দাবি করা হচ্ছে, অভিনব এই রেল পরিষেবা ভারতে চালু হলে তা পরিবহণ ক্ষেত্রে বিপ্লব আনবে। যাতায়াতের সময় এতটাই কমে যাবে যে রেল তখন বিমান পরিষেবাকে টেক্কা দেওয়ার মতো জায়গায় পৌঁছে যাবে। দেশের অর্থনৈতিক মানচিত্রেও এর বিরাট প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।