সময়ের আগে কেরলে বর্ষা! বঙ্গে কবে? বিকেলেই ধেয়ে আসতে পারে কালবৈশাখী
প্রতিদিন | ১৯ মে ২০২৬
তীব্র গরমে কার্যত নাজেহাল অবস্থা। কবে নামবে স্বস্তির বৃষ্টি? সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলেই ধেয়ে আসতে পারে কালবৈশীখী। পাল্লা দিতে হতে পারে বৃষ্টিও! দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূমে কালবৈশাখীর সতর্কতা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তবে ঝড় বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে আগামী সাতদিন।
এবার সময়ের আগেই কেরলে ঢুকতে পারে বর্ষা। সময়ের ছ’দিন আগেই অর্থাৎ ২৬ মে কেরলে বর্ষা প্রবেশের আগামবার্তা দিয়েছে মৌসম ভবন। তবে কেরল থেকে বর্ষা প্রবেশ করলেও বাংলায় কবে থেকে শুরু হবে বর্ষার স্পেল, এখনও কিছু জানায়নি মৌসম ভবন। মে মাসের প্রথম দু’সপ্তাহে দাবদাহ টের না পেলেও চলতি সপ্তাহে গরম ও অস্বস্তিকর পরিস্থিতি চরমে উঠবে। কলকাতায় ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে চল্লিশে ছুঁতে পারে পারদ। সাধারণত, ৮ থেকে ১০ জুনের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষার ঢোকার কথা। কিন্তু অনেক সময়েই অবস্থা অনুকূল না হওয়ায় বর্ষার পশ্চিমবঙ্গে পৌঁছতে দেরি হয়।
এদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাতেই। বৃহস্পতিবার থেকে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে। শুক্রবার অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। রবিবার পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আন্দামান দ্বীপপুঞ্জের সমস্ত এলাকায় বর্ষা এসেছে। ১৬ই মে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা নিকোবর দ্বীপপুঞ্জ পেরিয়ে আন্দামানের কিছুটা অংশে ঢুকেছিল। ১৮ই মে সম্পূর্ণভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী ২-৩ দিনের মধ্যে মৌসুমী বায়ু আরও কয়েকটি অংশে বিস্তার লাভ করতে পারে বলে পূর্বাভাস।