আসানসোল, পশ্চিম বর্ধমান: বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবরডি চেকপোস্টে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারালেন এক সিভিক ভলান্টিয়ার। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রমেন সাহা। অন্য দিনের মতোই গত শনিবার রাতে রাতে আন্তঃরাজ্য সীমান্তে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে কর্মরত ছিলেন তিনি।
সেই সময়ই ঝাড়খণ্ডের দিক থেকে আসা একটি অত্যন্ত দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং চালক গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। দুর্ঘটনার পরেই চেকপোস্টে মোতায়েন অন্যান্য পুলিশকর্মী এবং স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় রমেনবাবুকে উদ্ধার করেন।
পুলিশ ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বাংলা-ঝাড়খণ্ড সীমানা এবং চেকপোস্টের আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘাতক গাড়িটির নম্বর প্লেট ও যাত্রাপথ চিহ্নিত করার কাজ চলছে।