চোখের সামনে জীবন্ত ইতিহাস, আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসে বিশেষ উদ্যোগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে
News18 বাংলা | ১৯ মে ২০২৬
+
আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা
বর্ধমান,সায়নী সরকার: এক সময় সমগ্র রাঢ়বঙ্গের একমাত্র এবং অন্যতম প্রধান সংগ্রহশালা হিসেবে পরিচিত ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা। বীরভূম, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত বহু মূল্যবান ঐতিহাসিক সামগ্রী ও প্রাচীন নিদর্শন আজও সযত্নে সংরক্ষিত রয়েছে এখানে। ইতিহাস কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, তাকে জীবন্ত রূপ দেয় সংগ্রহশালা।
বর্তমান প্রজন্মের কাছে ইতিহাসের সেই গভীর গুরুত্ব ও ঐতিহ্যকে তুলে ধরতে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায়।আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসে এবারের মূল ভাবনা হল ‘বিভাজিত বিশ্বকে একতাবদ্ধ করে সংগ্রহশালা’। এই বিশেষ দিনটিকে সামনে রেখেই এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শঙ্কর কুমার নাথ। সংগ্রহশালার গুরুত্ব সম্পর্কে পরবর্তী প্রজন্মকে অবগত করাই এই দিনে আলোচনার মূল উদ্দেশ্যে ছিল বলে জানান গবেষক ও অধ্যাপক সর্বজিৎ যশ।
এর অনেক পরে বীরভূম, মুর্শিদাবাদ ও বাঁকুড়ায় আলাদা সংগ্রহশালা গড়ে ওঠে। অথচ বর্তমান প্রজন্মের অনেকেই এই সমৃদ্ধ ইতিহাস ও সংগ্রহশালার গুরুত্ব সম্পর্কে অবগত নন। তাই সকলকে অবগত করতে এবং তরুণ প্রজন্মকে সংগ্রহশালার গুরুত্ব বোঝাতে এই বিশেষ আয়োজন। এদিনের অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ দত্তগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামসুন্দর বেরা সহ ইতিহাস বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি উপস্থিত ছাত্রছাত্রী ও গবেষকদের মধ্যে এক নতুন ঐতিহাসিক চেতনার সঞ্চার করে।