দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: ক্যানসারের থাবায় আর থমকে যাবে না মাতৃত্বের স্বাদ। চিকিৎসা বিজ্ঞানের এমনই জয়ের সাক্ষী থাকল দুর্গাপুর। ডিম্বাশয়ের ক্যানসার সম্পূর্ণ নির্মূল করেও এক পঁচিশ বছরের তরুণীর মা হওয়ার সম্ভাবনাকে অক্ষত রাখল দুর্গাপুরের একটি নামকরা বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল। কলকাতার বাইরে সমগ্র পূর্ব ভারতে এই প্রথমবার এমন জটিল ‘রোবোটিক অস্ত্রপচার’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
জানা গিয়েছে, ‘বর্ডারলাইন ওভারিয়ান ক্যানসার’-এ আক্রান্ত ওই যুবতী এই অত্যাধুনিক চিকিৎসার হাত ধরে ফিরে পেলেন এক নতুন জীবনের স্বাদ। হাসপাতালের এই অস্ত্রপচারের নেপথ্যে ছিলেন রোবোটিক অনকো-সার্জন ডা. অর্ণব চক্রবর্তী। তরুণীর প্রজনন ক্ষমতা যাতে ভবিষ্যতে কোনওভাবেই ব্যাহত না হয়, তার জন্য নিখুঁত পরিকল্পনায় অস্ত্রপচারটি করা হয়।
চিকিৎসকদের অবিশ্বাস্য দক্ষতায় শরীর থেকে ক্যানসার আক্রান্ত অংশ ও ক্ষতিগ্রস্ত টিস্যুগুলি সম্পূর্ণ উপড়ে ফেলা হলেও, অত্যন্ত সতর্কতার সঙ্গে সুরক্ষিত রাখা হয়েছে রোগীর জরায়ু এবং ডিম্বাশয়ের সুস্থ অংশটি। ক্যানসারের কামড় থেকে রোগীকে বাঁচানোর পাশাপাশি তাঁর মাতৃত্বের অধিকারকে রক্ষা করার এই চিকিৎসা পদ্ধতি শহরে সাড়া ফেলেছে।