সীমান্তে পাচারের আগেই পর্দা ফাঁস! দুই গাড়ি ভর্তি ১৬০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ৪
News18 বাংলা | ১৯ মে ২০২৬
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর: ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারের আগেই বড়সড় মাদক পাচার চক্রের পর্দা ফাঁস করল গঙ্গারামপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে ওল্ড মালদহ-বালুরঘাটগামী রাজ্য সড়কের ইন্দ্রনারায়ণপুর এলাকায় বিশেষ নাকা চেকিং চালানো হয়। সেই সময় সন্দেহজনক দুটি চার চাকা গাড়িকে থামিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ। চার পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে দুটি গাড়িতে করে বিপুল পরিমাণ মাদক পাচারের খবর আসে থানায়। এরপরই ইন্দ্রনারায়ণপুর এলাকায় বিশেষ নাকা চেকিং শুরু করে পুলিশ। সেই সময় সন্দেহভাজন দুটি চার চাকা গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় প্রায় ১৬০০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল জাতীয় কফ সিরাপ। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকারও বেশি বলে দাবি পুলিশের।