বাসে ওঠার মুখে পকেটমারি! গায়েব বুক পকেটে রাখা মোবাইল
News18 বাংলা | ১৯ মে ২০২৬
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ দিনেদুপুরে রায়গঞ্জে দুঃসাহসিক চুরি! বাসে ওঠার মুখে বুক পকেটে রাখা মোবাইল পকেটমারির অভিযোগ। সোমবার দুপুরে রায়গঞ্জের সরকারি বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন মোবাইলের মালিক।
জানা গিয়েছে, মালদহের চাঁচলের বাসিন্দা অভিযোগকারী অমল ঘোষ। রায়গঞ্জে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। রায়গঞ্জ থেকে করণদিঘি যাওয়ার জন্য বাসে ওঠার সময় পকেটমারির ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন তিনি।
অমলবাবু বলেন, “বাসে উঠতে যাব সেই সময় আমার বুক পকেট থেকে মোবাইলটি নিয়ে নেয়। আমি সঙ্গে সঙ্গে চিৎকার করি। সেই কথা শুনে এক ব্যক্তি আমার থেকে নম্বর নিয়ে আমার মোবাইলে ফোন করেন। তখন রিং হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর মোবাইলের সুইচ অফ করে দেওয়া হয়”।
ওই ব্যক্তি জানান, ভিড়ের মধ্যে কে তাঁর বুক পকেট থেকে মোবাইল তুলে নিয়েছে তা বুঝতে পারেননি। তবে এই ঘটনায় অত্যন্ত হতাশ হয়ে পড়েছেন তিনি। সুরাহার আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বলে জানান অমলবাবু।
প্রসঙ্গত, ট্রেনে, বাসে যাতায়াতের সময় পকেটমারদের শিকার হন বহু মানুষ। এবার দিনেদুপুরে রায়গঞ্জে ঘটে গেল এমনই এক ঘটনা। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন মোবাইল হারানো ব্যক্তি। শুরু হয়েছে তদন্ত।