নালায় পড়ে তিন শাবক! রাতের অন্ধকারে একে একে মুখে করে তুলে নিয়ে গেল মা চিতাবাঘ—ক্যামেরায় ধরা হৃদয়ছোঁয়া দৃশ্য
News18 বাংলা | ১৯ মে ২০২৬
ফাঁসিদেওয়া, দার্জিলিং: ফাঁসিদেওয়ার জয়ন্তিকা চা বাগানে নালায় তিনটি চিতাবাঘের শাবক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চা শ্রমিকরা চাপাতা তোলার সময় নালার মধ্যে ফুটফুটে শাবকগুলি দেখতে পেয়ে দ্রুত চা বাগান কর্তৃপক্ষকে খবর দেন। পরে ঘোষপুকুর বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনটি শাবককে কর্ডন করে নজরদারিতে রাখেন। বনদফতর সূত্রে জানা যায়, চা বাগানের স্যাঁতসেঁতে জায়গায় মা চিতাবাঘ সাধারণত শাবকদের লালনপালন করে থাকে।
এরপর শাবকদের নিরাপত্তার জন্য বনদফতরের পক্ষ থেকে ট্র্যাপ ক্যামেরা বসানো হয় এবং এলাকায় কড়া নজরদারি শুরু হয়। সেই নজরদারির মধ্যেই ধরা পড়ে এক আবেগঘন দৃশ্য। রাতে প্রথমে একটি শাবককে মুখে করে নিয়ে যায় মা চিতাবাঘ, পরে আরও দু’টি শাবককেও নিজের ডেরায় ফিরিয়ে নিয়ে যায় সে। পুরো ঘটনাটি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে। ফাঁসিদেওয়ার জয়ন্তিকা চা বাগানের ২১ নম্বর সেকশনে এই ঘটনা ঘটেছে। উল্লেখ্য, এর আগেও এই চা বাগানে চিতাবাঘ ধরা পড়ার ঘটনা ঘটেছিল। বর্তমানে বনদফতর পরিস্থিতির উপর নজর রাখছে।
অন্যদিকে, ১২মে সোমবার গভীর রাতে বাসিন্দা দুর্গি সয়ের বাড়িতে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। বাড়িতে ঢুকে তিনটি ছাগলকে মেরে ফেলে। যেহেতু এলাকাটির পাশেই রয়েছে পানঝোড়া জঙ্গল। রাতে বৃষ্টি পড়ছিল তখন বাড়ির সদস্যরা গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। এরই মধ্যে বাড়িতে থাকা ছাগলের কান্নার শব্দে টের পেয়ে বাড়ির মালিক দুর্গী উঠে এসে দেখে একটি চিতা বাঘ একটি ছাগলকে ধরেছে। এরপরে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে চিতা বাঘটি ছাগলকে রেখে পালিয়ে যায়। এরপর কাছে এসে দেখেন তিনটি ছাগল মরে রয়েছে। এলাকায় চিতা বাঘের হানা রুখতে এবং যাবতীয় ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। বনদফতরের তরফে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।