নির্বাচনে বেনিয়মের অভিযোগে ফলতার গোটা ভোটগ্রহণ প্রক্রিয়াই বাতিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন৷ আগামী বৃহস্পতিবার ফলতায় পুনরায় ভোটগ্রহণ হবে৷ তার আগে আজই প্রচারের শেষ দিন৷ আগামী ২৪ মে ফলতার নির্বাচনে ভোট গণনা হবে৷
জানা গিয়েছে, আজ ফলতা বিধানসভার প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে রোড শো করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর৷ সকাল ১১টা নাগাদ ফলতায় এসে পৌঁছনোর কথা তাঁর৷ বিকেল ৪ পর্যন্ত ফলতাতেই থাকার কথা মুখ্যমন্ত্রীর৷
গত শনিবারও ফলতায় বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সেই সভা থেকেই ফলতার তৃণমূল প্রার্থীকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ ফলতার তৃণমূল প্রার্থীর উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেছিলেন, কোথায় পুষ্পা? সেই ডাকাতটা কোথায়? ওর দায়িত্ব আমি নিয়ে গেলাম৷ শুধু তাই নয়, ফলতার নির্বাচনে বিজেপি প্রার্থীকে অন্তত ১ লক্ষ ভোটে জেতানোর আবেদনও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷
তৃণমূল প্রার্থী জাহাঙ্গির বনাম উত্তর প্রদেশের আইপিএস অজয়পাল শর্মার সংঘাতের জেরে ভোটপর্বে শিরোনামে উঠে এসেছিল ফলতা৷ ভোটের দিন ইভিএমে বিরোধী প্রার্থীর নামের পাশে সেলোটেপ মেরে রাখা সহ একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল৷ একাধিক বুথে এই ধরনের অভিযোগ ওঠার পরই ফলতার নির্বাচন প্রক্রিয়া বেনজির ভাবে বাতিল করেছিল নির্বাচন কমিশন৷