• পুনর্নির্বাচনের প্রচারের শেষ দিনে ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু, ১৫ কিলোমিটারের জমজমাট রোড-শো, দিনভর ঠাসা কর্মসূচি
    News18 বাংলা | ১৯ মে ২০২৬
  • ফলতা: আগামী ২১ মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। প্রচারের শেষ দিন ১৯ মে, মঙ্গলবার! কাজেই শেষদিনের প্রচার ঘিরে উত্তেজনা তুঙ্গে! শেষ দিনের প্রচারে মঙ্গলবার ফলতায় খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শনিবার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই জেলারই ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক এবং ফলতায় কর্মীসভা করেন শুভেন্দু অধিকারী। দলীয় প্রার্থীর সমর্থনে মঙ্গলবার নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ফলতায় দিনভর ঠাঁসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর। গত শনিবারই শুভেন্দু অধিকারী ফলতার মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন, ‘১৯ তারিখ ঘুরব পুরো ফলতা।’ প্রচারের মাঝে ২০২১-এর ভোট পরবর্তী সময়ে যাঁরা মার খেয়েছিলেন, সে-সব কর্মীদের বাড়িতেও যাবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

    আগামী ২১ মে ফলতায় নির্বাচন৷ তার আগে আজ দিনভর ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে প্রচার করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ নির্বাচনে বেনিয়মের অভিযোগে ফলতার গোটা ভোটগ্রহণ প্রক্রিয়াই বাতিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন৷ আগামী বৃহস্পতিবার ফলতায় পুনরায় ভোটগ্রহণ হবে৷ তার আগে আজই প্রচারের শেষ দিন৷ আগামী ২৪ মে ফলতার নির্বাচনে ভোট গণনা হবে৷ জানা গিয়েছে, আজ ফলতা বিধানসভার প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে রোড শো করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর৷ সকাল ১১টা নাগাদ ফলতায় এসে পৌঁছনোর কথা তাঁর৷ বিকেল ৪ টে পর্যন্ত ফলতাতেই থাকার কথা মুখ্যমন্ত্রীর৷

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর ১৬ মে প্রথম বার ফলতায় জনসভা করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। জনতার কাছে তাঁর আবেদন, ‘ফলতা পুনর্নির্বাচনে ১ লক্ষের বেশি ভোটে বিজেপি প্রার্থীকে জেতান। রাষ্ট্রবিরোধীদের শূন্য করতে হবে।’ ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর ভাষায়, ‘ফলতায় গত ১০ বছর মানুষ ভোট দিতে পারেননি। এর হিসেব হবে না? তবে আইন হাতে তুলে নেবেন না’। সভা থেকেই ফলতার তৃণমূল প্রার্থীকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ ফলতার তৃণমূল প্রার্থীর উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেছিলেন, কোথায় পুষ্পা? সেই ডাকাতটা কোথায়? ওর দায়িত্ব আমি নিয়ে গেলাম৷ শুধু তাই নয়, ফলতার নির্বাচনে বিজেপি প্রার্থীকে অন্তত ১ লক্ষ ভোটে জেতানোর আবেদনও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷

    তৃণমূল প্রার্থী জাহাঙ্গির বনাম উত্তর প্রদেশের আইপিএস অজয়পাল শর্মার সংঘাতের জেরে ভোটপর্বে শিরোনামে উঠে এসেছিল ফলতা৷ ভোটের দিন ইভিএমে বিরোধী প্রার্থীর নামের পাশে সেলোটেপ মেরে রাখা সহ একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল৷ একাধিক বুথে এই ধরনের অভিযোগ ওঠার পরই ফলতার নির্বাচন প্রক্রিয়া বেনজির ভাবে বাতিল করেছিল নির্বাচন কমিশন৷
  • Link to this news (News18 বাংলা)