কলকাতা, 19 মে: পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ তুলেছেন বাংলার জনপ্রিয় এক অভিনেত্রী ৷ পরিচালক নাকি মদ্যপ অবস্থায় তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন ৷ সালটা 2021। এরপর নানা কারণে তিনি মুখ খোলেননি এত কাল ৷ কিন্তু মনের ভিতরে ক্ষতটা দগদগেই ছিল। অভিনেত্রীর দাবি, দেবালয় নাকি আরও অনেকের সঙ্গেই এরকম কিছু কাণ্ড ঘটিয়েছেন, তাদের মধ্যে একজন আবার শিশু ৷ অভিনেত্রীর কথায়, দেবালয় তাঁর চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন। এরপর আইনের পথে হেঁটেছেন অভিনেত্রী ৷ পরিচালককে পাঠিয়েছেন নোটিসও ৷ জানিয়েছেন, দেবালয়কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তাঁর কাছে ৷ না হলে তিনি এফআইআর করবেন।
অভিনেত্রীর সাংবাদিক সম্মেলনের পরেই পরিচালক দেবালয়ের মুখোমুখি হয় ইটিভি ভারত। অভিনেত্রীর কথার সত্যতা কতখানি বা অভিনেত্রীকে তিনি পাল্টা কী বলতে চান জানতে চাইলে দেবালয় বলেন, "আমার একটা সম্পূর্ণ অন্য বিষয়ের উপরে দেওয়া পোস্টে এসে অভিনেত্রী আমার চরিত্রের বিশ্লেষণ দিয়েছে দেখলাম। বিরাট বিশ্লেষণ। জানতে পারলাম ওই কাজগুলো আমি করেছি। এরপর সমাজ মাধ্যমে আরও নানা কথা বলা শুরু হল। সবাই আমাকে এরপর ফোন করতে শুরু করল। অভিনেত্রী একটা প্রেস কনফারেন্স করল দেখলাম। দেখে যা বুঝলাম বিষয়টা পুরো ফেক।"
দেবালয় বলেন, "শারীরিক হেনস্তা বলতে কী বোঝায়? আমি নাকি কোনও একটা পার্টিতে ওকে চেপে ধরে চুমু খেতে গিয়েছি। তারপর ও ছিটকে বেরিয়ে যায়। তারপর ও নাকি ট্রমাতে ভোগে। আর সেই ট্রমা তিন বছর ধরে ধরে রেখেছে ! কাউকে বলেনি, আমাকেও বলেনি ওই নিয়ে আর কোনও কথা। এর মাঝেও ওর সঙ্গে কাজের কথা হয়েছে। তারপরে ও নাকি আরও নাম জানতে পেরেছে যারা আমার দ্বারা লাঞ্ছিত। তাদের নামও আমি জানতে পারছি না। তারা আমার সামনেও আসছে না। এদের মধ্যে নাকি একটা বাচ্চা মেয়েও আছে। এই অভিযোগগুলো মারাত্মক। ও যদি মনে করে এগুলো ঠিক, সেটা তো ফেসবুকে দেওয়ার জায়গা নয়। এগুলো কি প্রমাণিত? প্রমাণিত না হলে কীভাবে আমাকে নিয়ে সোশাল মিডিয়ায় লিখছে? আমার চরিত্র হনন করার চেষ্টা করছে অভিনেত্রী। আমার ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। অভিনেত্রী বলছে আমাকে নাকি লিগাল নোটিস পাঠিয়েছে। আমার কাছে এসে পৌঁছয়নি এখনও। কিন্তু ওর কাছে আমার তরফ থেকে আইনি নোটিস যাবে।"
তা হলে আগামীদিনেও কাজ হবে অভিনেত্রীর সঙ্গে? দেবালয় বলেন, "ও খুব ভালো অভিনেত্রী ৷ কিন্তু এই ঘটনায় আমি খুব হতবাক ৷ আঘাত পেয়েছি এই ঘটনায় ৷ তাই এখনই বলতে পারছি না আগামীতে কাজ করব কি না। আমি খুব সাধারণ একটা জায়গা থেকে অনেক কষ্ট করে উঠেছি। অনেক বছর ধরে অনেক কষ্ট করে খুব অল্প ভালো কাজ করে নিজের জায়গাটা তৈরি করেছি ৷ আমরা যারা এভাবে দাঁড়িয়েছি তাদেরকে বদনাম করার আগে দু'বার ভাবা উচিত৷"
এদিন দেবালয়কে ইন্ডাস্ট্রিতে এতদিন ধরে লাগাতার ব্যান, থ্রেট কালচার নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "এখন সরকার বদলের পর এখানে হানিমুন পিরিয়ড চলছে ৷ ক'দিন গেলে বোঝা যাবে সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে আছে। আমি তো চাইব ভালো হোক।"