ঝাড়গ্রাম, রঞ্জন চন্দ: ফের জঙ্গলমহলে হাতির মৃত্যু। মাত্র কয়েক মাসের মধ্যে জঙ্গলমহলে হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতি মৃত্যুর অভিযোগ গ্রামবাসীদের। মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম ব্লকের শালবনি গ্রাম পঞ্চায়েতের গড় শালবনি এলাকার একটি বেসরকারি অতিথিশালায় পূর্ণবয়স্ক একটি পুরুষ হাতির মৃতদেহকে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সকাল থেকে ভিড় জমে গোটা এলাকার মানুষ। ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্তারা।
এর আগে প্রায় ১০ মাস আগে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা ঘটেছিল। তার এক মাস পর, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে বাচ্চা হাতির মৃত্যু হয়। ফের ঝাড়গ্রামে হাতির মৃত্যু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম বনবিভাগের লোধাশুলি রেঞ্জের রেঞ্জ অফিসার-সহ বন আধিকারিকেরা। ঘটনাস্থল পরিদর্শন করেন ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ ও ঝাড়গ্রাম থানার পুলিশ।
ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে বলেন, ‘কীভাবে পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হল তা বন দফতরকে সঠিকভাবে তদন্ত করতে হবে। যদি বিদ্যুৎস্পৃষ্ট হয় মৃত্যু হয় তাহলে দোষীদের চিহ্নিত করে আইনানুযায়ী শাস্তিও দিতে হবে। বন্যপ্রাণকে আমাদের রক্ষা করতে হবে। যারা এই ধরনের জঘন্য কাজ করেছে তাঁদের কাউকে ছাড়া হবে না’।
প্রসঙ্গত, জঙ্গলমহলের মানুষের কাছে হাতি খুবই প্রিয়। হাতিকে অনেকে ভগবান বলে পুজো করেন। হাতির মৃত্যুতে শোকস্তব্ধ জঙ্গলমহল। ইতিমধ্যে হাতিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।