ভোট পরবর্তী অশান্তিতে মৃত বিজেপি কর্মীর পরিবারকে চাকরি! ফলতায় দাঁড়িয়ে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
News18 বাংলা | ১৯ মে ২০২৬
ফলতা: মঙ্গলবার ফলতার সভা থেকে ভোট পরবর্তী অশান্তিতে নিহত কর্মীদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতায় যে বিজেপি কর্মীরা আক্রান্ত, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থার আশ্বাসও দেন তিনি। অভিযোগ, ২১-এর নির্বাচনের ভোট পরবর্তী অশান্তিতে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলা।
মঙ্গলবার ফলতায় নির্বাচনী প্রচারে গিয়ে নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিলেন তিনি। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে তিনি বলেন, ফলপ্রকাশের পর আক্রান্ত বিজেপি কর্মীদের তালিকা যেন সরাসরি তাঁকে দেওয়া হয়। এদিন ফলতায় বাণেশ্বরে শিবমন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। ‘২১-এর ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী। ২১-এর ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন মুখ্যমন্ত্রী।
গত শনিবার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই জেলারই ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক এবং ফলতায় কর্মীসভা করেন শুভেন্দু অধিকারী। দলীয় প্রার্থীর সমর্থনে মঙ্গলবার নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ফলতায় দিনভর ঠাঁসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর। গত শনিবারই শুভেন্দু অধিকারী ফলতার মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন, ‘১৯ তারিখ ঘুরব পুরো ফলতা।’ প্রচারের মাঝে ২০২১-এর ভোট পরবর্তী সময়ে যাঁরা মার খেয়েছিলেন, সে-সব কর্মীদের বাড়িতেও যাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। আগামী ২১ মে ফলতায় নির্বাচন৷ তার আগে আজ দিনভর ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে প্রচার করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ নির্বাচনে বেনিয়মের অভিযোগে ফলতার গোটা ভোটগ্রহণ প্রক্রিয়াই বাতিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন৷ আগামী বৃহস্পতিবার ফলতায় পুনরায় ভোটগ্রহণ হবে৷ তার আগে আজই প্রচারের শেষ দিন৷ আগামী ২৪ মে ফলতার নির্বাচনে ভোট গণনা হবে৷ জানা গিয়েছে, আজ ফলতা বিধানসভার প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে রোড শো করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর৷ সকাল ১১টা নাগাদ ফলতায় এসে পৌঁছনোর কথা তাঁর৷ বিকেল ৪ টে পর্যন্ত ফলতাতেই থাকার কথা মুখ্যমন্ত্রীর৷
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর ১৬ মে প্রথম বার ফলতায় জনসভা করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। জনতার কাছে তাঁর আবেদন, ‘ফলতা পুনর্নির্বাচনে ১ লক্ষের বেশি ভোটে বিজেপি প্রার্থীকে জেতান। রাষ্ট্রবিরোধীদের শূন্য করতে হবে।’ ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর ভাষায়, ‘ফলতায় গত ১০ বছর মানুষ ভোট দিতে পারেননি। এর হিসেব হবে না? তবে আইন হাতে তুলে নেবেন না’। সভা থেকেই ফলতার তৃণমূল প্রার্থীকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ ফলতার তৃণমূল প্রার্থীর উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেছিলেন, কোথায় পুষ্পা? সেই ডাকাতটা কোথায়? ওর দায়িত্ব আমি নিয়ে গেলাম৷ শুধু তাই নয়, ফলতার নির্বাচনে বিজেপি প্রার্থীকে অন্তত ১ লক্ষ ভোটে জেতানোর আবেদনও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷