• নিজের আয়ে অসহায়দের সেবা! বাইক-গাড়ি ধোয়ার টাকায় গড়েছেন আবাসস্থল, বহু মানুষের ভরসা সমাজসেবী সাজু
    News18 বাংলা | ১৯ মে ২০২৬
  • +
    সমাজসেবী সাজু তালুকদারের আবাসস্থল নিরাশ্রয়ের আশ্রয়

    বীরপাড়া, অনন্যা দেঃ মোটরবাইক বা গাড়ি ধুয়ে যে টাকা রোজগার হয় তা দিয়ে অসহায়দের জন্য আবাসস্থল গড়ে তুলেছেন বীরপাড়ার ডিমডিমা চা বাগানের সমাজকর্মী সাজু তালুকদার। তাঁর এই আশ্রয়স্থল বহু অসহায় মানুষের ভরসা। এমনকি প্রশাসনের পক্ষ থেকে অসহায়দের এনে এখানে রাখা হয়।

    বর্তমানে এই আবাসস্থলে ৭৫ জন আবাসিক রয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই মানসিকভাবে অসুস্থ। কেউ পরিবারের কাছ থেকে হারিয়ে গিয়েছেন, কেউ আবার পথের ধারে অসহায় অবস্থায় পড়ে থাকতেন। তাঁদের কাছে এনে নতুন জীবনের আলো দেখানোর চেষ্টা করছেন সাজু তালুকদার। পুলিশের পক্ষ থেকেও এমন কোনও মানুষ পেলে তাঁদের এই আশ্রমে রেখে যাওয়া হয়। সমাজসেবী সাজু এখন হয়ে উঠেছেন সকলের ভরসার পাত্র।

    তবে আজ মানবিকতার এই লড়াই কঠিন সংকটের মুখে। আবাসিকদের খাবার জোগাতে প্রতি মাসে অন্তত ২ লক্ষ টাকা প্রয়োজন। অথচ সেই অর্থ জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে। পুলিশের তরফে মাঝেমধ্যেই উদ্ধার হওয়া মানুষদের হোমে রেখে যাওয়া হলেও, প্রশাসনিক তরফে তাঁদের খরচ বহনের কোনও সহায়তা মেলে না বলে সাজু জানান। গভীর রাতেও তাঁকে অসহায়দের কাছে ছুটে যেতে হয়। নিজের এবং তাঁর দুই ছেলের গাড়ি ধুয়ে দেওয়ার সামান্য উপার্জনও এখন আবাসিকদের মুখে অন্ন তুলে দিতে ব্যয় হচ্ছে। বাধ্য হয়ে বিয়ে ও শ্রাদ্ধবাড়িতে সাহায্যের হাত পাতছেন তিনি। কিন্তু এভাবে আর কতদিন চলবে? জানেন না সাজু। তবে তিনি হাল ছেড়ে দিতে নারাজ।
  • Link to this news (News18 বাংলা)