পালিয়ে গেলেন 'পুষ্পা'! ফলতায় নির্বাচন থেকে সরলেন জাহাঙ্গির খান
News18 বাংলা | ১৯ মে ২০২৬
ফলতা: ২১ মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। তার আগেই বড় খবর। ফলতায় ভোটে লড়ছেন না জাহাঙ্গির খান, প্রচারের শেষ দিনেই সরে দাঁড়ালেন তৃণমূল প্রার্থী। প্রসঙ্গত ২৬ মে পর্যন্ত জাহাঙ্গির খানের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এমনটাই নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের।
নির্বাচনের কথা মাথায় রেখে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে রক্ষকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ ২৬ মে পর্যন্ত জাহাঙ্গির খানের বিরুদ্ধে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলেই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য৷ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে দায়ের হওয়া পাঁচটি এফআইআর-এর উপর রক্ষাকবচ দেন বিচারপতি ভট্টাচার্য৷ তবে ফলতার তৃণমূল প্রার্থীকে শর্তও বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, কমিশনের সব নিয়ম মেনে চলতে হবে জাহাঙ্গির খানকে৷ ভোটারদের বাধা এবং হুমকিও দিতে পারবেন না তিনি৷ তবে শেষমেশ লড়লেন না তিনি। পুনর্নির্বাচনের আগেই ধরা পড়েন জাহাঙ্গিরের ভায়রাভাই। গ্রেফতার হন ফলতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। নির্বাচনের সময় ইভিএম কারচুপির অভিযোগে উত্তাল হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার এই ব্লক। পরিস্থিতি খতিয়ে দেখে গোটা ফলতা বিধানসভা কেন্দ্রেই পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার ফলতার সভা থেকে ভোট পরবর্তী অশান্তিতে নিহত কর্মীদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতায় যে বিজেপি কর্মীরা আক্রান্ত, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থার আশ্বাসও দেন তিনি। অভিযোগ, ২১-এর নির্বাচনের ভোট পরবর্তী অশান্তিতে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলা। মঙ্গলবার ফলতায় নির্বাচনী প্রচারে গিয়ে নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিলেন তিনি। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে তিনি বলেন, ফলপ্রকাশের পর আক্রান্ত বিজেপি কর্মীদের তালিকা যেন সরাসরি তাঁকে দেওয়া হয়। এদিন ফলতায় বাণেশ্বরে শিবমন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। ‘২১-এর ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী। ২১-এর ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন মুখ্যমন্ত্রী।