গরমের ছুটিতে উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান? গন্তব্য হতে পারে এই ঐতিহাসিক রাজবাড়ি
News18 বাংলা | ১৯ মে ২০২৬
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ দার্জিলিং, কালিম্পং ছাড়াও উত্তরবঙ্গের বুকে আরও একাধিক ট্যুরিস্ট স্পট রয়েছে। এমনই একটি ঠিকানা হল ভূপালপুর রাজবাড়ি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা তো বটেই, রাজ্যের নানা প্রান্ত থেকে বহু মানুষ এই রাজবাড়ি দেখতে আসেন।
উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় একাধিক ট্যুরিস্ট স্পট রয়েছে। জেলার দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি হল ভূপালপুর রাজবাড়ি। রায়গঞ্জ থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে দুর্গাপুর এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক প্রাসাদ।
জানা যায়, ভূপাল চন্দ্র রায়চৌধুরী ভোর হওয়ার আগেই এই রাজবাড়ি থেকে শিকারের উদ্দেশে বেরিয়ে পড়তেন। একাধিক জন্তু-জানোয়ারের পাশাপাশি বাঘও শিকার করেছিলেন তিনি। আজও এই প্রাচীন রাজবাড়ির দেওয়ালে সেসব কিছু জিনিস টাঙানো রয়েছে।
প্রসঙ্গত, এই ঐতিহাসিক রাজবাড়ির পাশাপাশি উত্তর দিনাজপুরের বুকে একটি শতাব্দী প্রাচীন জমিদারবাড়িও রয়েছে। রায়গঞ্জ ব্লকের ৮ নং বাহিন গ্রাম পঞ্চায়েতে অবস্থিত বাহিন জমিদারবাড়িও জেলার পর্যটনের অন্যতম আকর্ষণ। এই জমিদারবাড়িটি পর্যটকদের মধ্যে আস্তে আস্তে পর্যটনকেন্দ্র হিসেবে জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে।
সব মিলিয়ে, একাধিক চোখধাঁধানো ট্যুরিস্ট স্পটে সমৃদ্ধ উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলা। তাই বিভিন্ন ঐতিহাসিক রাজবাড়ি ও জমিদারবাড়ি ঘুরে গরমের ছুটি কাটাতে চাইলে এখানে চলে আসতেই পারেন।