পশ্চিম বর্ধমান: চাষের জমিকে গবাদি পশুর হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রতি মরসুমে কৃষকদের কালঘাম ছোটে। কিন্তু তার এক লাভজনক সমাধান বের করে ফেলেছেন এক কৃষক। ফসল বাঁচাতে লাঠিহাতে পাহারা দেওয়া বা জাল দিয়ে ঘেরার চেনা ছক বদলে দিয়েছেন তিনি। বেছে নিয়েছেন এক সম্পূর্ণ প্রাকৃতিক ও পরিবেশবান্ধব পদ্ধতি।
নিজের চাষ জমির সীমানায় তিনি লাগিয়েছেন কুসুম গাছ। যা প্রাকৃতিকভাবে একটি সুরক্ষা প্রাচীর গড়ে তুলেছে। এর ফলে একদিকে যেমন মাঠের ফসল সুরক্ষিত থাকছে, তেমনই বাজারে ভাল দামে বিক্রি হচ্ছে সেই কুসুম। যার ফলে কৃষকের পকেটে ঢুকছে বাড়তি মুনাফা।
কুসুম একটি কাঁটা জাতীয় ঘন গুল্ম হওয়ায় এর ডালপালা প্রাকৃতিকভাবেই বেশ শক্ত ও কাঁটায় ভরা থাকে। জমির চারপাশে এই গাছগুলি বড় হয়ে ওঠার ফলে , তা জমির সুরক্ষিত সীমানা তৈরি করে দিয়েছে। যা টপকে গরু বা ছাগলের পক্ষে সহজে মাঠের ভেতরে ঢোকা অসম্ভব। ফলে গৃহপালিত পশুর আক্রমণ থেকে ফসল রক্ষা করা যাচ্ছে। আবার ফসল রক্ষা করতে নজরদারির চাপও কমেছে।