Big Breaking: প্রচারের শেষ দিনে ভোট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। ফলতার উন্নয়নের স্বার্থে তিনি সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন জাহাঙ্গির খান।
এ দিন জাহাঙ্গির খান বলেন, ‘আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতা ভালো থাকুক এবং ফলতার আরও বেশি বেশি উন্নয়ন হোক। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই কারণেই আগামী ২১ মে যে রিপোল আছে, সেই লড়াই থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।’ ফলতার উন্নয়নের স্বার্থে, শান্তিরক্ষার স্বার্থে তিনি নিজেকে সরিয়ে নিলেন বলে জানিয়েছেন।
২৯ মে দ্বিতীয় দফায় ভোট ছিল ফলতায়। সেই ভোটে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। ইভিএম-কালি লাগানো, বোতামে টেপ লাগানোর অভিযোগ উঠেছিল। যদিও এ দিন সাংবাদিক সম্মেলেন জাহাঙ্গির খান জানিয়েছেন, তিনি এসব কিছুই করেননি, কারা করেছে জানেন না। ভোটের লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কি দলকে জানিয়ে নিয়েছেন? সেই প্রশ্নের উত্তর তিনি দেননি।
জাহাঙ্গির খান সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেও অফিসিয়ালি এ ভাবে সরে দাঁড়ানো যায় না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নাম তুলে নেওয়ার সময় পেরিয়ে গিয়েছে। ইভিএম মেশিনে তৃণমূল কংগ্রেসের লোগো থাকবে এবং সেখানে জাহাঙ্গিরের নামই থাকবে। নাম তুলে নেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা থাকে।