আজকাল ওয়েবডেস্ক: এই ভোটে রাজ্যে পালাবদল হয়েছে। আর তার পর থেকেই, একে একে সামনে আসছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। তোলাবাজি, কাট-মানি, দুর্নীতির অভিযোগ বিস্তর। সেসবের মাঝেই এবার এল মধুচক্রের অভিযোগ। নিজের বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগে বনগাঁ পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার রায় গ্রেপ্তার। ঘটনায় চর্চা এলাকায়।
ঘটনাটি ঘটেছে বনগাঁর কালোপুর এলাকায়। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই সামনে এসেছে স্থানীয়দের নানা বক্তব্য। কী বলছেন স্থানীয়রা? তাঁদের দাবি, পাড়্রা মাঝে, ঘরের মধ্যে এই মধুচক্র দীর্ঘদিন ধরেই চালাচ্ছিলেন তৃণমূলের নেতা। কিন্তু রাজ্যে ১৫ বছর তৃণমূল জমানায়, পাড়ার মাঝেই এসব কাণ্ড দেখেও মূলত মুখ বন্ধ করেই রেখেছিলেন এলাকার বাসিন্দারা।
কিন্তু পালাবদল ঘটতেই বদলে গিয়েছে পরিস্থিতি। স্থানীয়দের অভিযোগ, কালোপুরের সুকুমারের বাড়িতেই চলত মধুচক্র। বাড়িতে মাঝে মাঝেই একাধিক মহিলার আনাগোনা লেগে থাকত বলেই অভিযোগ। স্থানীয়রা জানিয়েছেন, ক্ষমতার ভয়ে এতদিন মুখ বন্ধ করে রাখলেও, ধৈর্যের বাঁধ ভাঙছিল তাঁদের।
ফলে, সোমবার ওই বাড়িতে একাধিক মহিলাকে প্রবেশ করতে দেখেই ফেটে পড়েন স্থানীয়রা। ঘটনাস্থলে অভিযোগ পেয়ে পৌঁছয় পুলিশ। ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। যদিও ওইসব ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে ওই ভিডিওতে দেখা গিয়েছে, সুকুমারকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। যদিও ওই তৃণমূল নেতার বক্তব্য, তিনি মধুচক্রের সঙ্গে যুক্ত নন। মহিলারা এসেছিলেন নাকি বাড়ি ভাড়া চাইতে।