• শুভেন্দুকে শুভেচ্ছা জানাতে ১৭০ কিমি পায়ে হেঁটে...
    আজকাল | ১৯ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ধুতি-পাঞ্জাবি পরে যেন একেবারে খাঁটি বাঙালি বাবু। এক হাতে মিষ্টির হাঁড়ি, আর অন্য হাতে 'প্রেমের ঠাকুর' গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি। কাঁধে রয়েছে শুভেচ্ছার বার্তা পৌঁছে দেওয়ার অদম্য ইচ্ছা। সেই ভাবনাকেই সঙ্গী করে দীর্ঘ প্রায় ১৭০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের জব্বরপল্লীর বাসিন্দা পৃথ্বীরাজ চক্রবর্তী ও তার স্ত্রী রমা চক্রবর্তী।

    লক্ষ্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি শুভেচ্ছা জানানো। মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টারের এডিডিএ-র সামনে থেকে শুরু হয় এই 'ব্যতিক্রমী' যাত্রা। 

    বর্তমান সময়ে যেখানে রাজনৈতিক নেতাদের উদ্দেশে সামাজিক মাধ্যমে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন সকলে, সেখানে এই ব্যক্তি স্ত্রীকে সঙ্গে নিয়ে কয়েকশো কিলোমিটার পথ হেঁটে শুভেচ্ছা জানাতে বেরিয়েছেন। এই দৃশ্য নজর রীতিমত কেড়েছে সকলের। 

    পৃথ্বীরাজবাবুর পরনে ছিল সাদা ধুতি ও পাঞ্জাবি। মাথায় বাঙালি ঐতিহ্যের ছোঁয়া। এক হাতে মিষ্টির হাঁড়ি, অন্য হাতে গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি নিয়ে তিনি যাত্রা শুরু করেন। পাশে তাঁর স্ত্রীও একইভাবে তাঁর সঙ্গে পা মেলান।

    টানা পাঁচ দিন ধরে হেঁটে তাঁরা গন্তব্যে পৌঁছবেন বলে জানান। জানা গিয়েছে, এই তীব্র গরমে পথে বিভিন্ন জায়গায় বিশ্রাম নিয়ে আবার শুরু হবে হাঁটা। 

    পৃথ্বীরাজ চক্রবর্তীর কথায়, "রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাতেই এই পদযাত্রা। আমরা চেয়েছি একটু অন্যভাবে শুভেচ্ছা পৌঁছে দিতে। তাই বাঙালিয়ানার ঐতিহ্যকে সঙ্গী করেই এই উদ্যোগ। এই যাত্রা শুধু শুভেচ্ছা জানানোর নয়, মানুষের সঙ্গে মিশে যাওয়ারও সুযোগ। তাই কোনও গাড়ি নয়, সড়ক পথে সম্পূর্ণ হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রীর কাছে আমরা কিছু চাইব না। তবে আমাদের আশা থাকবে রাজ্যের মানুষের জন্য উনি ভালো কাজ করবেন এবং প্রেম ছড়িয়ে দেবেন।"
  • Link to this news (আজকাল)