আজকাল ওয়েবডেস্ক: লিওনেল মেসিকে ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনার তদন্তে সক্রিয় হল বিধাননগর দক্ষিণ থানা। অভিযোগকারী শতদ্রু দত্তের নতুন অভিযোগের ভিত্তিতে এফআইআর গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরনো সমস্ত নথি ও ফাইল পুনরায় খোলা হয়েছে। পাশাপাশি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং জুঁই বিশ্বাস-সহ একাধিক ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে তথ্য সংগ্রহের জন্য আরও কয়েকজনকে ডাকা হবে বলেও জানা গিয়েছে।
রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করতে চলেছেন শতদ্রু দত্ত। তাঁর অভিযোগ, মেসি আসার পর যুবভারতীর ভিতর যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা অরূপ বিশ্বাসের জন্যই হয়েছিল।
মেসি-কাণ্ডের পাঁচ মাস কেটে গিয়েছে। মাঝে অনেক জল বয়ে গিয়েছে। বদলে গিয়েছে সরকার। জামিনে মুক্তি পেয়েছেন মূল আয়োজক শতদ্রু দত্ত।
মেসিকে এই দেশে আনার ভগীরথ শতদ্রু দত্ত জানিয়েছেন, ১০০ কোটি টাকার মানহানির মামলা করবেন এবং সেই অর্থ দিয়েই দর্শকদের টাকা ফেরত দেওয়া হবে।