আজকাল ওয়েবডেস্ক: বড় সাফল্য কলকাতা পুলিশের। স্পেশাল টাস্ক ফোর্স-এর তৎপরতায় উদ্ধার হল প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের প্রত্যেকেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে ওত পেতেছিল এসটিএফ-এর একটি বিশেষ দল। এরপরই অভিযান চালিয়ে ওই চারজনকে হাতেনাতে পাকড়াও করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ও প্রচুর তাজা কার্তুজ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিহার থেকে এই অস্ত্রগুলি কলকাতায় আনা হচ্ছিল। কোনও বড় অপরাধমূলক কাজের উদ্দেশ্যে আনা হচ্ছিল, নাকি অন্য কোথাও পাচারের ছক ছিল- তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পিছনে আর কারা জড়িয়ে রয়েছে, তা জানার চেষ্টা চলছে।
পুলিশ চার জনকে হাতেনাতে গ্রেপ্তার করে। অভিযুক্তেরা হল- মিঠু কুমার (২৮), গব্বর রাই (৩৬), মহম্মদ আনোয়ার খান (৪৮) এবং মহম্মদ আফতাব আলম ওরফে লাডান (৩৫)। এদের মধ্যে আনোয়ার ও আফতাবের বাড়ি মুঙ্গেরে। পরে এদের জেরা করে পুলিশ এই চক্রের মূল মাথার খোঁজ পায়। এরপর মুঙ্গেরে অভিযান চালিয়ে সুরজ কুমার (৩৫) নামে ওই মূল চাঁইকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রচুর অস্ত্র ও মেশিন উদ্ধার করেছে তারা। যার মধ্যে রয়েছে, ৫টি অর্ধেক তৈরি পিস্তল, ৫টি পিস্তলের বডি ও ৪টি বাঁট, ১টি লেদ মেশিন, ১টি মিলিং মেশিন, ১টি ড্রিলিং মেশিন এবং ১টি পলিশ করার মেশিন। এ ছাড়াও অস্ত্র তৈরির প্রচুর কাঁচামাল ও লোহা কাটার সরঞ্জাম উদ্ধার হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইন ও ভারতীয় ন্যায় সংহিতায় মামলা দায়ের করেছে ধামদহ থানার পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।