• ৫ দিনের মধ্যে ফের দাম বাড়ল পেট্রোল, ডিজেলের, কত টাকা বেশি দিতে হবে?
    আজ তক | ১৯ মে ২০২৬
  • ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। এই নিয়ে শেষ ৫ দিনের মধ্যে দ্বিতীয়বার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। মঙ্গলবার লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল প্রায় ৯০ পয়সা। পাশাপাশি, ডিজেলেরও দাম লিটার প্রতি প্রায় ৯০ পয়সা বৃদ্ধি পেয়েছে।

    কলকাতায় সবচেয়ে দাম বেশি

    নয়া দাম বৃদ্ধির ফলে কলকাতা সহ সব মেট্রো শহরগুলিতেই বেশি দামে জ্বালানি কিনতে হবে গ্রাহকদের। উল্লেখযোগ্য বিষয় হল, মেট্রো শহরের মধ্যে সবচেয়ে দাম বেড়েছে কলকাতাতেই। এদিন কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৯৬ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৯৪ পয়সা। ফলে কলকাতায় পেট্রোলের লিটার প্রতি নতুন দাম হয়েছে ১০৯.৭০ টাকা। অন্যদিকে, ডিজেলের লিটার প্রতি নয়া দাম হয়েছে ৯৬.০৭ টাকা।

    অন্য কোন শহরে দাম কতটা বাড়ল?

    নয়াদিল্লি: মঙ্গলবার নয়াদিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৮৭ পয়সা বেড়ে হয়েছে ৯৮.৬৪ টাকা। অন্যদিকে, ডিজেলের দাম ৯১ পয়সা বেড়ে হয়েছে ৯১.৫৮ টাকা।

    মুম্বই: মুম্বইতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯১ পয়সা বেড়ে হয়েছে ১০৭.৫৯ টাকা। অন্যদিকে, ডিজেলের দাম ৯৪ পয়সা বৃদ্ধি পেয়ে, নতুন দর হয়েছে ৯৪.০৮ টাকা।

    চেন্নাই: দক্ষিণের মেট্রো শহর চেন্নাইতে পেট্রোলের দাম ৮২ পয়সা বেড়ে হয়েছে ১০৪.৪৯ টাকা। অন্যদিকে, ডিজেলের দাম লিটার প্রতি ৮৬ পয়সা বেড়ে হয়েছে ৯৬.১১ টাকা।

    প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগে শুক্রবারে প্রতি লিটারে পেট্রোল ও ডিজেল, উভয় ধরনের জ্বালানির দামই ৩ টাকা করে বৃদ্ধি পেয়েছিল। ফলে আমজনতার নিত্যপ্রয়োজনীয় একাধিক জিনিসের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরইমধ্যে ডাবল ধাক্কা দিয়ে এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল।

    জ্বালানির দাম বৃদ্ধির ফলে শুধু গাড়ির তেল ভরানোর খরচই নয়, আগামী দিনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়লে চাপ আরও বাড়তে পারে সাধারণ মানুষের উপর।

    অর্থনীতিবিদদের একাংশের মতে, এই মূল্যবৃদ্ধি আপাতত শুরু মাত্র। পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও জটিল হলে আগামী দিনে পেট্রোল ও ডিজেলের দাম আরও বাড়তে পারে। ফাউন্ডেশন ফর ইকনমিক ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা-ডিরেক্টর রাহুল আহলুওয়ালিয়ার বক্তব্য, আন্তর্জাতিক বাজারে তেলের জোগান এখন আগের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল এবং অনিশ্চিত হয়ে উঠেছে। সেই কারণেই জ্বালানির দাম বাড়ানো জরুরি হয়ে পড়েছিল। 

     
  • Link to this news (আজ তক)