• জ্বালানির কোপ এবার প্রাতঃরাশে, দুধের পর একলাফে অনেকটা দাম বাড়ল পাউরুটির!
    প্রতিদিন | ১৯ মে ২০২৬
  • ইরান যুদ্ধের কোপ এবার ভারতীয়দের প্রাতঃরাশে! জ্বালানির মূল্যবৃদ্ধি ও প্যাকেজিং খরচ বৃদ্ধির জেরে দুধের দাম বেড়েছিল আগেই, এবার পাউরুটির দাম বাড়ানোর (Bread Price Hike) সিদ্ধান্ত নিল সংস্থাগুলি। মুম্বই ও তার আশপাশের এলাকায় প্যাকেটপিছু পাউরুটির ৫ টাকা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ যুদ্ধের সরাসরি প্রভাব এবার পড়তে শুরু করেছে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যে।

    এই মূল্যবৃদ্ধি প্রসঙ্গে পাউরুটি প্রস্তুতকারী সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ‘রুটি প্রস্তুত ও সরবরাহের জন্য প্রয়োজনীয় সবকিছুর খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। যার জেরে গত ১৬ মে থেকে বিভিন্ন ধরনের মর্ডান ব্রেডের দাম সংশোধন করা হয়েছে।’ মূল্যবৃদ্ধির নেপথ্যে যে কারণগুলি উঠে আসছে তা হল, একসপ্তাহে দু’বার জ্বালানি তেলের দামবৃদ্ধিতে পণ্যপরিবহণ ও ডেলিভারির খরচ বৃদ্ধি পেয়েছে। বেকিংয়ে ব্যবহৃত এলপিজির দাম, লবন ও সংরক্ষণে ব্যবহৃত সামগ্রীর দাম বেড়েছে। যুদ্ধে আমদানি প্রভাবিত হওয়ায় প্লাস্টিক প্যাকেজিংয়ের খরচও বেড়েছে। যার জেরে ছোট সংস্থার পাশাপাশি ব্রিটানিয়া, উইবসের মতো সমস্ত বড় সংস্থাগুলিও পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

    ভারতে নিত্য প্রয়োজনীয় তালিকায় কার্যত সবার উপরে থাকে দুধ ও রুটির মতো পণ্য। তার দামবৃদ্ধি মধ্যবিত্তের মাসিক বাজেটে বিরাট প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন দেশজুড়ে দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়িয়েছে। এরপর একসপ্তাহে দু’দফায় ৩.৯০ পয়সা বেড়েছে জ্বালানি তেলের দাম।

    দিল্লি ও মুম্বইয়ের মতো শহরগুলিতে সিএনজির দামও বাড়ানো হয়েছে। রুটি প্রস্তুতকারীদের জন্য এর অর্থ, একই সঙ্গে উৎপাদন খরচ এবং সরবরাহ খরচ বৃদ্ধি। যার জেরে, অতিরিক্ত এই খরচ সাধারণ মানুষের উপর চাপালো সংস্থাগুলি। তবে এই মূল্যবৃদ্ধি শুধু দুধ বা রুটি নয়, সর্বত্র এর গুরুতর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 
  • Link to this news (প্রতিদিন)